টিএসসিতে এশীয় চলচ্চিত্র উৎসব

আগামী ৩ অক্টোবর থেকে দুই দিনব্যাপী এশীয় চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। এশিয়া মহাদেশের সাত দেশের সাতটি ছবি দেখানো হবে এ আয়োজনে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এমসিজে ফিল্ম ক্লাব (ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিল্ম ক্লাব) আয়োজন করেছে উৎসবটি। আগামী ৩ ও ৪ অক্টোবর বাংলাদেশসহ এশিয়া মহাদেশের চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, হংকং, ইরান ও জাপানের মোট সাতটি ছবি দেখানো হবে।
২০ টাকা দর্শনীর বিনিময়ে যে কেউ ছবি দেখতে পারবেন। অনলাইনে টিকিট কেনা যাবে ticketchai.com ওয়েবসাইটে।
আগামী ৩ অক্টোবর বেলা ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। উৎসব উদ্বোধন করবেন নায়করাজ রাজ্জাক। প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য সারাহ বেগম কবরী, নির্মাতা মোরশেদুল ইসলাম ও মোস্তফা সরয়ার ফারুকী।
উদ্বোধনী অনুষ্ঠানে এমসিজে ফিল্ম ক্লাব প্রকাশিত একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।
৩ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের পর দেখানো হবে ‘হাউস অব ফ্লাইং ড্যাগার্স’ (চীন), ‘থ্রি আয়রন’ (দক্ষিণ কোরিয়া), ‘পিকে’ (ভারত)।
৪ অক্টোবর দেখানো হবে ‘ইন দ্য মুড ফর লাভ’ (হংকং), ‘আ সেপারেশন’ (ইরান), ‘স্পিরিটেড অ্যাওয়ে’ (জাপান)। প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের ছবি ‘রানওয়ে’ দিয়ে শেষ হবে উৎসবটি।