টিএসসিতে কাল থেকে অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব। গোল্ডেন হারভেস্ট আইসক্রিম কোম্পানি লিমিটেডের সহায়তায় ‘ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৪’ শীর্ষক এই উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
উৎসব উপলক্ষে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংসদের সভাপতি সিফাত-ই-রাব্বী, সাধারণ সম্পাদক সৈকত রায়হান, গোল্ডেন হারভেস্ট আইসক্রিম কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক সালাউদ্দিন, ব্যবস্থাপক খন্দকার নূর-ই-বোরহান ও ফারহান হাদী উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, দেশীয় দর্শকদের কাছে অ্যানিমেশন চলচ্চিত্র জনপ্রিয় করতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের আসরটি এই উৎসবের দ্বিতীয় আসর। প্রথম আসরটি আয়োজিত হয় ২০০৫ সালে।
অয়োজকেরা জানান, উৎসবে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশের অ্যানিমেশন চলচ্চিত্র দেখানো হবে। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত উৎসব চলবে। প্রতিটি চলচ্চিত্রের প্রদর্শনীর প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা বিনা মূল্যে দেখতে পাবে।
উৎসবের দ্বিতীয় দিনে ৪ নভেম্বর রাজধানীর বিভিন্ন স্কুলের শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রছাত্রীরা এতে অংশ নিতে পারবে। ৯ নভেম্বর উৎসবের শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি সেমিনার হবে। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত থাকবেন।