টিএসসিতে শুরু হলো 'আমার ভাষার চলচ্চিত্র'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩ ’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের এই আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার ও আজীবন সম্মাননা।
আজ সকাল ১০টায় সত্যজিৎ রায়ের ছবি ‘জন অরণ্য’ প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর আছে মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’, আজিজুর রহমানের ‘ছুটির ঘণ্টা’ ও কৌশিক গাঙ্গুলির ‘সিনেমাওয়ালা’ ছবিগুলো।
উৎসবে দুই বাংলার ধ্রুপদি ও সমসাময়িক মিলিয়ে মোট ২০টি চলচ্চিত্র দেখানো হবে। শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।
উৎসবের শেষ দিন বিকেল সাড়ে চারটায় হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান। সেদিন বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হবে লেখক ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের পথিকৃৎ মুহম্মদ খসরুকে। তা ছাড়া ২০১৬ সালে নির্মিত শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে দেওয়া হবে ‘হীরালাল সেন পদক’।
প্রতিদিন চারটি করে ছবি দেখানো হবে সকাল ১০টা, দুপুর দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। ৩০ টাকার দর্শনীর বিনিময়ে চলচ্চিত্রগুলো যে কেউ দেখতে পারবেন।
আগামীকাল ১১ ফেব্রুয়ারি দেখানো হবে ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’, ঋতুপর্ণ ঘোষের ‘খেলা’, মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ ও তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। ১২ ফেব্রুয়ারি থাকছে আলমগীর কবিরের ‘মহানায়ক’, তারেক মাসুদের ‘মাটির ময়না’ ও ‘আদমসুরত’, শবনম ফেরদৌসির ‘ভাষ্যজয়িতা’ ও গৌতম ঘোষের ‘শঙ্খচিল’।
১৩ ফেব্রুয়ারি দেখানো হবে এহতেশামের ‘পিচ ঢালা পথ’, শহীদুল ইসলাম খোকনের ‘পালাবি কোথায়’, সুমনের ‘রক্ত’ ও আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। শেষ দিন ১৪ ফেব্রুয়ারিতে আছে জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’, বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’, জাকির হোসেনের ‘শিকারি’ ও গিয়াসউদ্দীন সেলিমের ‘মনপুরা’ ছবিগুলো।