বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনের সংগীত উৎসব। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। এতে ১৯৫৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলা চলচ্চিত্রের গানগুলো পরিবেশন ও সেসব গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালককে সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দুই দিনের এই উৎসব। এটি উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমেদ এবং কলা অনুষদের ডিন মো. আখতারুজ্জামান। আসাদুজ্জামান নূর বলেন, ‘নভেম্বর থেকে ঢাকায় একের পর এক সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব শুরু হয়েছে। চলবে আগামী এপ্রিল পর্যন্ত। এসব অনুষ্ঠান আমরা আরও বেশি বেশি করে করব। ঢাকাকে এই অঞ্চলের সাংস্কৃতিক রাজধানীতে পরিণত করব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান মহসিনা আক্তার খানম (লীনা তাপসী খান)।
গতকাল সম্মাননা জানানো হয় গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান আলম, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, আলম খান, সত্য সাহা (মরণোত্তর), খন্দকার নূরুল আলমকে সম্মাননা জানানো হয়।