টিকটিকিতে ভয়!
সেট, ক্যামেরা, শিল্পী—সবাই প্রস্তুত। পরিচালক কাজ শুরু করার জন্য বললেন, ‘থ্রি, টু, ওয়ান, জিরো, অ্যাকশন...।’ আর তখনই নায়িকা দিহান চিৎকার দিয়ে সেট থেকে দৌড়ে বেরিয়ে আসেন! এটা কিন্তু নাটকের কোনো দৃশ্য নয়। বাস্তবে ভয় পেয়েই এমনটি করেছেন দিহান। কারণ, সেটে একটি টিকটিকি ছিল। আর তা দেখেই ভয় পেয়েছেন তিনি। পরে শুটিং ইউনিটের লোকজন টিকটিকির পেছনে লাগেন। কিছুক্ষণ ছোটাছুটির পর সেট থেকে টিকটিকি বিদায় করা সম্ভব হয়। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবাই। আবার শুরু হয় দৃশ্যধারণের কাজ। ঘটনাটি ঘটেছে গত শনিবার পুবাইলে। এখানে বৃন্দাবন দাসের লেখা ও আজহারুল আলমের পরিচালনায় জামাই মেলা ধারাবাহিকের শুটিং হচ্ছে। আর টিকটিকি নিয়ে কাণ্ডটি ঘটেছে এই নাটকের সেটেই। দিহান বললেন, ‘এর আগে একটি নাটকে সাপ ধরেছিলাম। আমি কিন্তু সাপকেও ভয় পাই। কিন্তু টিকটিকিতে আমার ভয় তার চেয়েও বেশি।’জামাই মেলা ধারাবাহিকটি এখন বাংলাভিশনে দেখানো হচ্ছে।