টিকিট কেটে টিভি নাটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ঘণ্টার নাটক দেখতে দর্শকের সারি
এক ঘণ্টার নাটক দেখতে দর্শকের সারি

সন্ধ্যা ছয়টা বাজতে মাত্র কয়েক মিনিট বাকি। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনের সামনে দর্শকের দীর্ঘ সারি। সারির সামনের দিকে দাঁড়িয়ে আছেন প্রবীণ অভিনয়শিল্পী মাসুদ আলী খান। বোঝা যাচ্ছে তাঁর চোখে অধীর অপেক্ষা, কখন খুলবে মিলনায়তনের ফটক?

১৩ মার্চ সন্ধ্যার দৃশ্য এটি। মিলনায়তনে চলছিল পাঁচ দিনব্যাপী ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব’। উৎসবের আয়োজন করেছে চারুনীড়ম ইনস্টিটিউট অব অ্যাক্টিং অ্যান্ড রিসার্চ। ২০ জন নবীন নির্মাতার নির্মিত প্রথম কাহিনিচিত্র নিয়ে আয়োজন করা হয়েছিল এই উৎসবের।

টিভি নাটক নিয়ে উৎসব ব্যাপারটি বেশ অন্য রকম। কিন্তু কেন এই উৎসব?

 ‘চ্যানেলগুলোয় এক ঘণ্টার নাটক প্রচার প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। অথচ এই এক ঘণ্টার নাটক আমাদের চলচ্চিত্র নির্মাণের অনুপ্রেরণা। তাই ২০০৯ সাল থেকে চারুনীড়ম এক ঘণ্টার নাটক বাঁচাও আন্দোলনের কর্মসূচি হিসেবে আয়োজন করে আসছে এই উৎসবের।’ বললেন চারুনীড়মে পরিচালক গাজী রাকায়েত।

সেদিন ছিল সমাপনী দিন। মিলনায়তনভর্তি দর্শক। বেশ হন্তদন্ত হয়ে একজন দাঁড়ালেন টিকিট কাউন্টারে। ‘ভাই, নাটক কি শুরু হয়ে গেছে? আমাকে একটি ৫০ টাকার টিকিট দেন।’

৫০ টাকার টিকিট কেটে টিভি নাটক দেখা? বাহ্! দৃশ্যটি বেশ ভালোই লাগল।

 একটি কিংবা দুটি নয়; সেদিন পর পর প্রদর্শন করা হলো গল্পের ফেরিওয়ালা, স্কেচ, নীরবধি ও মায়া কানন কাহিনিচিত্রগুলো।

দর্শকেরাও গভীর উৎসাহ নিয়ে দেখছিলেন। অর্ণব নামের একজন দর্শক বললেন, ‘এই উৎসবের জন্য প্রতিবছর আমি অপেক্ষা করি। আগে উৎসবটি ছিল সাত দিনের। কিন্তু এবার পাঁচ দিনব্যাপী। সময়টা একটু বেশি হলে হয়তো আরও কিছু কাহিনিচিত্র দেখার সুযোগ হতো।’

সাধারণ দর্শকের পাশাপাশি এখানে নাটক দেখতে ছুটে এসেছেন নবীন-প্রবীণ অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজকসহ অনেকেই। সবার মিলনমেলায় উৎসবটি সেজেছে ভিন্ন রঙে।

বড় পর্দায় প্রদর্শনের ফলে কাহিনিচিত্রগুলোকে মনে হচ্ছিল একেকটি চলচ্চিত্র। সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে কোনো বিজ্ঞাপনবিরতির যন্ত্রণা পোহাতে হয়নি। টেলিভিশনে নাটক প্রচারের সময় বিজ্ঞাপনবিরতির ব্যাপারে যদি যত্নবান হওয়া যায়, তাহলে আমাদের দর্শকেরা কখনো বিদেশি চ্যানেলের দিকে ঝুঁকবেন না। উৎসবে কাহিনিচিত্রের প্রদর্শনী শেষে মাসুদ আলী খানের মুখে ছিল এমন কথা।

উৎসবের উদ্বোধন হয়েছিল নয় মার্চ বিকেল চারটায়।