টিনটিন নিয়ে স্পিলবার্গ
বয়স তো আর কম হলো না! ১৯২৯ সালের ১০ জানুয়ারি সূর্যের আলো দেখেছিলেন প্রথম। হিসাব কষতে তাই ক্যালকুলেটর লাগছে। ৮২ বছর! দূর, একদমই না। তাঁর বয়স কি বাড়ে? তাঁর বয়স যে আসলে আটকে আছে সেই ১৫ থেকে ১৭-র মধ্যেই। একদম বাড়ে না। বাড়বেও না।মাথার ওপর চূড়ার মতো উঁচু হয়ে থাকা একগাছি চুল। সাদা রং। কনুই পর্যন্ত গুটিয়ে রাখা নীল জামার হাতা। গাঢ় লাল রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট ও মেটে রঙা জুতা। পাশে সার্বক্ষণিক ছায়াসঙ্গী সাদা ধবধবে কুকুর স্নোয়ি। দুই বাংলায় অবশ্য সবাই তাকে কুট্টুস নামে চেনে। আরও আছেন ক্যাপ্টেন হ্যাডক, ভুলোমনা প্রফেসর ক্যালকুলাস ও যমজ গোয়েন্দা থমসন অ্যান্ড থমসন (বাংলায় অবশ্য তারা রনসন ও জনসন)।নিশ্চয়ই বুঝে গেছেন দুঃসাহসী কিশোর সাংবাদিক টিনটিনের কথা হচ্ছে। শিল্পী এর্জের (আসল নাম জর্জ রেমি-এর্জে তাঁর ছদ্মনাম, অনেকে হার্জও লেখেন) অমর সৃষ্টি এই টিনটিন এবার এসেছে রুপালি পর্দায়। দি অ্যাডভেঞ্চার অব টিনটিন নামের ত্রিমাত্রিক সেই ছবির পরিচালক কে জানেন? স্টিফেন স্পিলবার্গ, যাঁর নামের আগে-পিছে কোনো বিশেষণ লাগে না!আট দশক ধরে বিশ্বের ৮০টিরও বেশি ভাষায় অনূদিত হয়ে কোটি কোটি শিশু-কিশোরের কাছে পৌঁছে যাওয়া টিনটিনের আবেদন এখনো এতটুকুও কমেনি। গত ২২ অক্টোবর বেলজিয়ামে হয়ে গেল দি অ্যাডভেঞ্চার অব টিনটিন-এর উদ্বোধনী প্রদর্শনী। এত দেশ থাকতে বেলজিয়ামকে বেছে নেওয়া কেন? স্পিলবার্গ আসলে বিশ্বজয় করা টিনটিনকে ফিরিয়ে এনেছেন তাঁর নিজের দেশে। বেলজিয়ান শিল্পী এর্জের হাতেই তো টিনটিনের সৃষ্টি। ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে স্পিলবার্গ সেটাই বলেছেন, ‘টিনটিনকে তার নিজের বাড়িতে ফিরিয়ে আনতে পারা আমাদের জন্য অনেক বড় সম্মানের। ব্যক্তিগতভাবে আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ, ব্রাসেলস তার জন্মস্থান, এটা তাই টিনটিনের জন্য ঘরে ফেরা।’টিনটিনকে নিয়ে ছবি বানানোর পরিকল্পনা অনেক দিন ধরেই মনের মধ্যে পুষে রেখেছিলেন। অবশেষে যেন স্বপ্ন পূরণ হলো স্পিলবার্গেরও। তিনি বলেন, ‘আমি নিজে যখন টিনটিনকে প্রথম আবিষ্কার করি, তখন আমার বয়স ত্রিশের কোঠায়। এই বইগুলো আমেরিকায় আসেনি।এগুলো পাওয়ার উপায় তাই আমাদের ছিল না। তবে প্রথমবার পড়েই সঙ্গে সঙ্গে আমি এর ভক্ত হয়ে গিয়েছিলাম।’স্পিলবার্গের টিনটিনে আসল টিনটিনের স্বাদ কতটা পাওয়া যাবে? এই জিজ্ঞাসা অনেকের। স্পিলবার্গ আশ্বস্ত করেছেন, পাওয়া যাবে সিংহভাগই। কারণ, দি অ্যাডভেঞ্চার অব টিনটিন-এর চিত্রনাট্য লেখা হয়েছে এই সিরিজের তিনটি কমিক বই অবলম্বনে—দি ক্র্যাব উইথ দ্য গোল্ডেন ক্লোজ, দ্য সিক্রেট অব দ্য ইউনিক্রন ও রেড র্যাকহাম’স ট্রেজার।ছবিটি বানাতে ব্যবহার করা হয়েছে মোশন ক্যাপচার প্রযুক্তি। যে প্রযুক্তি ব্যবহার করে জেমস ক্যামেরন বানিয়েছেন অ্যাভাটার। এখানে সত্যিকারের অভিনেতাদের নড়াচড়া আর অভিব্যক্তি হস্তগত করে এর রূপদান করা হয়েছে কম্পিউটার ইমেজে। এরপর দেওয়া হয়েছে স্পেশাল অ্যাফেক্ট। টিনটিনের চরিত্রে অভিনয় করছেন জেমি বেল এবং খলনায়ক রেড র্যাকহামের ভূমিকায় আছেন জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেগ।টিনটিনকে এত দিন ধরে যাঁরা চিনে এসেছেন, তাঁদের চেনা-জানার জগৎটাতে কোনো ধাক্কা দিতে চাননি। মার্কিন এই পরিচালক জানান, ‘এর্জে বেঁচে থাকলে ছবিটা দেখে ভালো লাগত তাঁরও। মৃত্যুর আগে তাঁর সঙ্গে আমার কথা হয়েছিল টেলিফোনে। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ফোন কলগুলোর একটি।’ রাজীব হাসানএলএ টাইমস অবলম্বনে