টিভি অনুষ্ঠানের তিন সংগঠনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি টিভি নাটক—সংশ্লিষ্ট শিল্পীর ভিডিওচিত্র প্রকাশকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। এক যৌথ বিবৃতিতে এই তিন সংগঠন থেকে জানানো হয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল শিল্পীসমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ন্যক্কারজনক ও ঘৃণিত কার্যকলাপে লিপ্ত হয়েছে। তারা অরুচিকর, মিথ্যা, বিকৃত সংবাদ ও ভিডিও প্রকাশ করে দর্শক ও জনগণকে দ্বিধান্বিত ও প্রভাবিত করার চেষ্টা করছে।সংগঠন তিনটির সাধারণ সম্পাদক তারিক আনাম খান, গাজী রাকায়েত ও তুষার খানের স্বাক্ষর করা এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা টেলিভিশনের প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের পক্ষ থেকে এই বিকৃত মানসিকতার তীব্র প্রতিবাদ করছি। পাশাপাশি এ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের প্রতি দাবি জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি।