টিভি ও মঞ্চে বর্ষাবরণ উৎসব
আজ পয়লা আষাঢ়। বর্ষাঋতুর শুরু। বর্ষাকে বরণ করে নিতে আজ আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। উদীচী শিল্পীগোষ্ঠী বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। অনুষ্ঠান শুরু হবে সকাল আটটায়। উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার জানান, আড়াই ঘণ্টার এই অনুষ্ঠানে থাকবে গান, নাচ, আবৃত্তি ও বর্ষা নিয়ে কথন। দলীয় গান করবে উদীচী, নিবেদন, সপ্তসুর ও বহ্নিশিখা। একক গান করবেন মিতা হক, মাহমুদ সেলিম, মহিউজ্জামান চৌধুরী, সোমা রায়, প্রিয়াঙ্কা গোপ, শফিউল আলমসহ আরও অনেকে। আবৃত্তি করবেন বেলায়েত হোসেন ও ঝর্না সরকার। দলীয় নৃত্যে অংশ নেবে নটরাজ, নৃত্যনন্দন ও নৃত্যম। অনুষ্ঠানটি দেশ টিভি সরাসরি দেখাবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে বর্ষাবরণ উৎসবের আয়োজন করেছে সত্যেন সেন শিল্পী সংস্থা। এই সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, তাঁদের এই অনুষ্ঠান শুরু হবে সকাল সোয়া সাতটায়। চলবে ১০টা পর্যন্ত। বিকেলের অনুষ্ঠান শুরু হবে চারটায়। সকালের অনুষ্ঠানটি সরাসরি দেখাবে চ্যানেল আই আর বিকেলে আরটিভি।বাংলাদেশ শিল্পকলা একাডেমী বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় নাট্যশালায়। সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক মাহমুদ সেলিম জানান, তাঁদের বর্ষাবরণ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়। এখানে গান করবেন ফেরদৌস আরা, মিতা হক, সুমন চৌধুরী, পার্থ তানভীর নভেদ, অদিতি মহসিন, আজিজুর রহমান, বিমান চন্দ্র বিশ্বাস ও জান্নাতি ফেরদৌস। দলীয় গান করবে সুরের ধারা ও জাগরণী শিল্পীগোষ্ঠী। নাচ করবে নটরাজ, নৃত্যনন্দন ও তাহমিনা ইসলাম। আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আহকামউল্লাহ ও লায়লা আফরোজ।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সন্ধ্যা সাতটায় আরটিভি বর্ষাঋতুকে বরণ করবে গান, গল্প আর আড্ডার মধ্য দিয়ে।বাংলাভিশনে রাত নয়টা পাঁচ মিনিটে দেখানো হবে বর্ষাবরণ এবং দেশ টিভিতে বিকেল সাড়ে পাঁচটায় বাদল মেঘে মাদল বাজে।