টিভি ও রেডিওতে উপস্থাপনা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনে শুরু হলো নতুনদের নিয়ে গানের অনুষ্ঠান ইয়ুথ এজ। পরিচালনা করছেন ইরফান মুহাম্মদ আল আমীন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৬’ প্রতিযোগিতার অষ্টম হওয়া সাব্বির। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো গানের শিল্পী। এবারই প্রথম উপস্থাপনা করছেন?না, এর আগে ভ্রমণ নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। নাম পথে প্রান্তরে। দিগন্ত টিভিতে প্রচারিত হয়েছিল। এবার গান নিয়ে কাজ করছি। এটাই আমার আসল জায়গা। ‘ইয়ুথ এজ’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।এখানে গান গাওয়ার জন্য যাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, তারা সবাই একেবারেই নতুন। কোনো অ্যালবাম বের হয়নি, আর টিভিতেও প্রথম। কিন্তু গানটা খুব ভালো করে এবং তাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই অনুষ্ঠানের ১৫টি পর্ব প্রচারিত হওয়ার পর এখান থেকে সেরা ১০ জন শিল্পীর গান নিয়ে মিশ্র অ্যালবাম বের করা হবে। অ্যালবামটি প্রযোজনা করবে চ্যানেল নাইন। এই অনুষ্ঠান উপস্থাপনায় আমাকে সহযোগিতা করছে শাওন। ও নিজে গিটার ভালো বাজায়, ভালো গান করে।নতুনদের নিয়ে কাজ করতে কেমন লাগছে?মাত্র ছয় বছর আগে আমি নিজেও নতুন ছিলাম। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে আমার চোখে অনেক স্বপ্ন ছিল। আজ তেমনি স্বপ্ন দেখতে পাচ্ছি এই নতুনদের চোখে। আর এরা কিন্তু দারুণ কাজ করছে। আমি মুগ্ধ হচ্ছি। এখন আর কী করছেন?রেডিও টুডেতে কথাবন্ধু হিসেবে কাজ করছি। অনুষ্ঠানের নাম ‘গ্রামীণফোন লাউঞ্জ’। চট্টগ্রাম বিভাগের শ্রোতারা প্রতিদিন রাত নয়টা থেকে এই অনুষ্ঠানটি শুনতে পারছেন। গত দেড় মাস আমি একাই কাজ করেছি, খুব চাপ পড়েছিল। এখন আমার সঙ্গে যোগ দিয়েছেন নিশিতা।গানের কী খবর?চলছে। মঞ্চে, টিভিতে, চলচ্চিত্রে বেশি গান করছি। কিছুদিন পর অ্যালবামের কথা ভাবব।