টিভি নাটকে পথশিশুরা
পথশিশুদের নিয়ে গত মে মাসে জাতীয় জাদুঘরে দুটি মঞ্চনাটক করেছিলেন মামুনুর রশীদ। নাটক দুটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর অবলম্বনে আকাশকুসুম ও তোতাকাহিনি অবলম্বনে হীরামন। এই দুই নাটকে তখন অংশ নিয়েছিল ৪০ জন পথশিশু। তখন পুরো কাজটির তত্ত্বাবধান করেন মামুনুর রশীদ আর নাটক দুটির নির্দেশনা দিয়েছিলেন শামীমা শওকত ও নুরুর রহমান। এবার এই পথশিশুদের নিয়ে টিভি নাটক তৈরি করছেন মামুনুর রশীদ। নাটক দুটির নাম আকাশকুসুম ও হীরামন। এরই মধ্যে দুটি নাটকের আট দিন শুটিং হয়েছে।মামুনুর রশীদ বলেন, ‘শিশুসাহিত্যের সঙ্গে যুক্ত আছে শিশুদের নাটক ও চলচ্চিত্র। চলচ্চিত্রে অবশ্য কিছু দায়িত্বশীল পরিচালক আছেন, কিন্তু নাটকে এ ক্ষেত্রে খুব বেশি দায়িত্ববান ব্যক্তিদের পাওয়া যায় না। সারা দেশেই প্রচুর নাটক মঞ্চস্থ হয়। এখানে যে প্রবণতা দেখা যায়, তা হলো অভিভাবকেরা ছেলেমেয়েদের মিডিয়ার জন্য প্রস্তুত করতে চান। পরিচালকেরাও সেই লক্ষ্যে কাজ করেন। ফলে শিশুদের মধ্যে প্রকৃত শিল্পীর জন্ম নেওয়া অসম্ভব হয়ে পড়ে। পথশিশুদের নিয়ে নতুন যুগের যাত্রা শুরু হয়েছে। বিত্তহীন এই শিশুদের সম্ভাবনা অপার। সেই অপার সম্ভাবনাকে সামনে রেখে আমি নাটক তৈরির উদ্যোগ নিয়েছি।’জানা গেছে, শিগগিরই নাটক দুটির প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।