টিভি নাটকে ভিট মডেল নওশীন
ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব জয়ের পর এবার নাটকে অভিনয় করতে যাচ্ছেন নওশীন শর্মিলা। ‘ভালোবাসো’ শিরোনামের নাটকটি লিখেছেন আনিসুল হক। আর পরিচালনা করবেন রুমানা রশিদ ঈশিতা। কাল বুধবার থেকে উত্তরায় নাটকটির শুটিং শুরু হবে বলে জানান নওশীন। নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন সংগীতশিল্পী এস আই টুটুল। চট্টগ্রামের মেহেদীবাগের মেয়ে নওশীন বাবা-মায়ের সঙ্গে সেখানেই থাকেন। পড়াশোনা করছেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে বিজ্ঞান বিভাগে। নাটকের শুটিংয়ের জন্য আজ মঙ্গলবার রাতেই ঢাকায় আসবেন বলে জানিয়েছেন তিনি। প্রথম আলো ডটকমকে নওশীন বলেন, ‘ছোটবেলা থেকেই আমি ঈশিতা আপুর ভক্ত। উনি আমার আদর্শও বটে। আনিসুল হক হচ্ছেন আমার অসম্ভব প্রিয় একজন লেখক। টুটুল ভাইও আমার অনেক পছন্দের একজন শিল্পী। জীবনের প্রথম নাটকে একসঙ্গে তিনজন প্রিয় মানুষকে পাব, কখনো ভাবিনি। আমি অনেক বেশি উচ্ছ্বসিত। অন্য রকম অনুভূতি কাজ করছে।’ ‘ভালোবাসো’ নাটকের পরিচালক ঈশিতা বলেন, ‘অভিনয়ের পাশাপাশি আমি বেশ কয়েকটি নাটক পরিচালনা করেছি। আনিস ভাইয়ের চিত্রনাট্যে কাজ করার একটা ইচ্ছে ছিল। কিন্তু অনেক দিন ধরেই হচ্ছিল না। এবারের ভালোবাসা দিবসে তা হতে যাচ্ছে।’ ‘ভালোবাসো’ নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল আইতে প্রচারিত হবে। উল্লেখ্য, গত বছর ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার দ্বিতীয় আসরে অনেক প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট অর্জন করেন নওশীন। ভিট-চ্যানেল আই টপ মডেলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন হাসিন রওশন।