
ইতি পত্রমিতা নাটকটি সেলিম আল দীন লিখেছিলেন টেলিভিশনের জন্য। টেলিভিশনে প্রচারিতও হয়েছিল। এটা ২০০০ সালের প্রথম দিকের ঘটনা। তবে ১৫ নভেম্বর আমরা সেই ইতি পত্রমিতাই আবার দেখলাম মঞ্চে! টেলিভিশনের জন্য যে নাটকটি লেখা হয়েছিল, তার কি মঞ্চ নির্মাণ সম্ভব? যেহেতু মাধ্যম ও প্রকাশভঙ্গি আলাদা তাই নাটকটি মঞ্চে এলে এর স্বাভাবিক স্বকীয়তা ক্ষুণ্ন² হয় কি না, এ বিষয়গুলো মাথায় নিয়েই সেদিন আমরা জড়ো হয়েছিলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে, ঢাকা থিয়েটার প্রযোজিত ও রুবাইয়াৎ আহমেদ নির্দেশিত ইতি পত্রমিতার কারিগরি মঞ্চায়নে।
দুপুর ১২টায় নাটক শুরু হওয়ার কথা। নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফসহ দর্শক বলতে জনা কয়েক। কিন্তু ঘড়ির কাঁটা দুপুর সাড়ে ১২টা অতিক্রমের পরও নাটকের দেখা নেই। অগত্যা মঞ্চের দিকে চোখ রাখি। দেখতে পাই, ঝুলছে প্রিন্ট কাপড়ের চারটি পর্দা। তো, একসময় শুরু হলো নাটক, দেখলাম কুশীলবেরা ‘আমরা ঢাকা থিয়েটারের পোলাপ্যান নাসির উদ্দীন ইউসুফের আন্ডারে নাটক ব্যান্ধ্যাছি’ গান গাইতে গাইতে প্রবেশ করেছেন মঞ্চে। আর আমাদের মনে পড়ছে, সংযাত্রা শুরুর আগে সাধারণত এমন গানই গাওয়া হয়। কিন্তু এটা কি সংযাত্রা? সবার চোখেমুখেই তো দেখছি ভারী মেকআপ ও রং। হ্যাঁ, সংযাত্রার ধরনেই শুরু হলো কমেডি ধাঁচের এ নাটক।
নাটকের কাহিনি বিশদ করে বলব না। কিছু সূত্র দিয়ে যাব কেবল, জাহান আলী রিংকু ও গোলাম মোস্তফা রিংকু নামের দুই তরুণ ও টিংকু নামের এক তরুণীকে নিয়ে নাটকের কাহিনি। নামের মিল থাকলেও দুই রিংকুর মধ্যে বৈপরীত্য আছে—জাহান আলী রিংকু লম্বা ও গোলাম মোস্তফা রিংকু খাটো। দুজনই বন্ধু, একই বাসায় থাকে। দুই রিংকুই পত্রমিতালি করে। এই পত্রমিতালির মাধ্যমে জাহান আলী রিংকু ওরফে লম্বা রিংকুর সঙ্গে টিংকুর প্রেম। অতঃপর নানা কাণ্ডের মধ্য দিয়ে বিয়ে, মধুরেণ সমাপয়েৎ—মোটা দাগে কাহিনি এটুকু। বলা ভালো, নাটকের পাণ্ডুলিপিতেই আছে হাস্যরসের অজস্র আবহ।
নাটকটি মঞ্চে আনার সময় সং-এর ধরন ব্যবহারের মাধ্যমে নির্দেশক রুবাইয়াৎ সেই আবহে রং চড়িয়েছেন খানিকটা। একটি ড্রয়িংরুমের মধ্যে শেষ হয় গোটা নাটক। বাসার বসার ঘর বোঝাতে নির্দেশক ব্যবহার করেছেন কয়েকটি মাত্র বাক্স। আর এই বাক্সগুলোই কখনো হয়েছে সোফা, কখনোবা খাট। আবার নাট্যপাণ্ডুলিপির বিভিন্ন বর্ণনাংশ উপস্থাপন করতে পুঁথির সুর ব্যবহার করতে দেখা গেছে তাঁকে। সব মিলিয়ে সং+কবিগান+নিরাভরণ আঙ্গিকে পরিবেশনা—ঐতিহ্যবাহী বাংলা নাটকের এই উপাদানগুলো সহজেই টেলিভিশন নাটকের পাণ্ডুলিপির সঙ্গে যুক্ত হয়েছে এ প্রযোজনায়। নির্দেশকের এমন মুনশিয়ানায় চমৎকৃত হওয়ার যথেষ্ট অবকাশ আছে। লেখার শুরুতে আমাদের যে প্রশ্নটি ছিল, টেলিভিশনের চিত্রনাট্য মঞ্চে এলে তার স্বকীয়তা ক্ষুণ্ন হয় কি না—নির্দেশকের এই অভিনব উপস্থাপনায় সেই প্রশ্নটিও উবে গেছে।
কমেডি নাটকে একটি বড় বিষয় সু-অভিনয়। ইতি পত্রমিতার পাত্রপাত্রীদের সে চেষ্টায় খামতি নেই। টিংকু চরিত্রের মেয়েটি বা জাহান আলী রিংকু চরিত্রের অভিনেতার অভিনয় অনবদ্য। তবে গোলাম মোস্তফা রিংকু চরিত্র রূপায়ণকারী অভিনেতার অভিনয় ছিল যান্ত্রিক, স্বতঃস্ফূর্ততা ছিল কম। ফলে কোনো কোনো জায়গায় দেখা গেছে বিশ্বস্ততার ঘাটতি। এ সীমাবদ্ধতাগুলো বিয়োগ করলে ইতি পত্রমিতা নিঃসন্দেহে ঢাকা থিয়েটারের একটি ব্যতিক্রমী প্রযোজনা। এ মাসের শেষভাগে ঢাকা থিয়েটার আয়োজিত সেলিম আল দীন উৎসবে নাটকটির প্রথম প্রদর্শনী হবে বলে জানা গেছে।