টিভিতে বিজ্ঞাপন প্রচার কি সহনীয় করা যায় না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আংশিক সাদাকালো টেলিছবির দৃশ্য
আংশিক সাদাকালো টেলিছবির দৃশ্য

১১ আগস্ট বেলা ২টা ৩০ মিনিটে নন্দিতার উপস্থাপনায় মাছরাঙা টিভিতে প্রচারিত হলো সরাসরি গানের অনুষ্ঠান ‘ইচ্ছে গানের দুপুর’। শিল্পী ছিলেন সেলিম চৌধুরী। সরাসরি এ অনুষ্ঠানে সেলিম চৌধুরী একটানা প্রায় দুই ঘণ্টা গান পরিবেশন করেছেন।

এমন দীর্ঘ অনুষ্ঠানে গান করাটা যেকোনো শিল্পীর জন্যই একটা বড় সুযোগ। সেলিম চৌধুরী সে সুযোগের সদ্ব্যবহারের চেষ্টা করেছেন। তিনি লোকসংগীত থেকে শুরু করে নিজের গান, চলচ্চিত্রের জনপ্রিয় গান, বিভিন্ন ধারার গান পরিবেশন করেছেন। যেমন ‘রাঙা দুটি ঠোঁটে কী কথা কও’, ‘চাঁদনী পসরে কে আমায় স্মরণ করে’, ‘পাবে না পাবে না খোদা নামাজ রোজা কইরে’ ইত্যাদি। তাঁর পরিবেশনায় যথেষ্ট আন্তরিকতা থাকার পরও কণ্ঠে বলিষ্ঠতা ও আত্মপ্রত্যয়ের অভাব পরিলক্ষিত হয়েছে। তিনি যখন ওপরের পর্দায় গাইছিলেন, তখন কখনো কখনো কণ্ঠ সুরে লাগছিল না। আবার সুরে আবেগও যেন ঠিকমতো আসছিল না। দীর্ঘদিন ধরেই তিনি গান করছেন, আমরা চাই আরও দীর্ঘদিন তিনি গান করুন এবং সংগীতের ক্ষেত্রে তাঁর যথার্থ উত্তরণ হোক। অনুষ্ঠানে নন্দিতার উপস্থাপনা ছিল আন্তরিক ও প্রাণবন্ত।

১০ আগস্ট রাত ১১টায় মাতিয়া বানু শুকুর রচনা ও পরিচালনায় এটিএন বাংলায় প্রচারিত হলো টেলিছবি অসীম আকাশ। ছবির গল্পটি এ রকম—মেয়েটির নাম রং। মফস্বলের ফার্নিচার ব্যবসায়ী রঙের বাবা মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে, তার মেয়ে চারুকলায় পড়বে, বড় শিল্পী হবে। সে নিজে ছিল একদা চারুকলার ছাত্রদের মডেল। সেই ছাত্রদেরই একজন রইস মামা আজ জগদ্বিখ্যাত শিল্পী। রঙের বাবা মেয়েকে নিয়ে হাজির হয় সেই শিল্পীর বাসায়। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির কারণে শিল্পী বাসায় একা, সেখানেই ঠাঁই পায় রং। শিল্পী কাজের ফাঁকে রংকে তালিম দেয়, দেখে রাখে, স্নেহ করে। এর মধ্যেই রং ভালোবেসে ফেলে শিল্পীকে এবং তার বাবাকে ফোনে ডেকে এনে এ কথা বলে। তার বাবাও সম্মতি দেয়। শিল্পী অবাক হয় এবং একপর্যায়ে সে রং ও তার বাবাকে বের করে দেয় বাড়ি থেকে। এর এক মাস পর হঠাৎ একদিন রং আবার হাজির হয়। শিল্পীকে জানায়, সে চারুকলায় ভর্তির সুযোগ পেয়েছে। শিল্পী বুঝতে পারে, এই এক মাসেই অনেক বদলে গেছে রং। এখানেই গল্পের শেষ।

প্রথমেই বলা যায়, ছবিটি বর্তমানের আর পাঁচটি টেলিছবির চেয়ে পরিশীলিত ও গোছালো। তবে কাহিনির ক্ষেত্রে মনে হয়েছে, যথেষ্ট নাটকীয়তা থাকলেও শিল্পীর প্রতি মেয়েটির দুর্বল হওয়ার বিষয়টি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। রঙের অভিনয় ও পোশাক-আশাকও তার অবস্থা ও অবস্থানের সঙ্গে মানানসই মনে হয়নি। ছোট ছোট বিষয় অনেক সময় নির্মাতার দৃষ্টি এড়িয়ে যায়, কিন্তু এর মধ্য দিয়েই গড়ে ওঠে দর্শকের বিশ্বাসযোগ্যতা ও মনোযোগ।

আমাদের এবারের আলোচনা চ্যানেল আইয়ের দুটি বিপরীতধর্মী অনুষ্ঠান। ১১ আগস্ট রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইএ প্রচারিত হলো তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বাংলাবিদ’ অনুষ্ঠানটি। বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক আনিসুল হক, ড. সৌমিত্র শেখর, সুবর্ণা মুস্তাফা ও ত্রপা মজুমদার। অনুষ্ঠানের বিষয়, তরুণদের মাঝে মাতৃভাষা বাংলার উন্নয়ন ও জাগরণ। প্রথমেই আমরা চ্যানেল আইকে ধন্যবাদ জানাই, দেরিতে হলেও এমন একটি তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য।

মাতৃভাষার প্রতি কৌতূহল জাগ্রত করার জন্য এবং বৈচিত্র্যময় করার জন্য অনুষ্ঠানটিকে কয়েকটি পর্বে বিভক্ত করা হয়েছে। অনুষ্ঠানের এসব নীতিমালা ও প্রতিযোগীদের অংশগ্রহণ যথার্থ ও আকর্ষণীয় হয়েছে বলা যায়। তবে একটি বিষয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো, শেষ পর্বে গান শুনে প্রশ্নের উত্তর দেওয়া। সেখানে কুইজ অনুষ্ঠানের মতো জ্ঞানমূলক প্রশ্ন করা হয়েছে, যা এ অনুষ্ঠানের জন্য বেমানান। কারণ, লক্ষণীয় যে আগের পর্বগুলোতে যারা ভাষাবিষয়ক প্রশ্নে পারদর্শিতা দেখিয়ে ওপরে অবস্থান করছিল, শেষ পর্বে জ্ঞানমূলক প্রশ্নে তারা পিছিয়ে পড়ে এবং ভাষার ক্ষেত্রে দুর্বলেরা এগিয়ে যায়। ‘বাংলাবিদ’ অনুষ্ঠানটি যেহেতু ভাষার উৎকর্ষবিষয়ক, কাজেই এর প্রতিটি পর্বেই প্রশ্ন হওয়া উচিত ভাষা নিয়ে। তাহলে দর্শক-শ্রোতারাও এ অনুষ্ঠান দেখে ভাষা বিষয়ে কৌতূহলী ও উপকৃত হবে।

১১ আগস্ট বেলা তিনটায় শাহাদত হোসেনের চিত্রনাট্য ও পরিচালনায় চ্যানেল আইএ প্রচারিত হলো টেলিছবি আংশিক সাদাকালো। ছবির গল্পটি হলো, শিক্ষিত যুবক সুরুজ গ্রামের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে বোনের কাছে টাকা ধার নিয়ে গ্রামে একটা ওষুধের দোকান দেয়। গ্রামেরই ভাঙা রাস্তায় তার সামনে দুর্ঘটনায় আহত হয় সুরভী। পরে সুরভী তার দোকানে ওষুধ কিনতে আসে। দুজনের পরিচয় হয়, পরিচয় থেকে প্রণয়। কিন্তু এ প্রণয় মেনে নিতে পারে না সুরভীর বাবা। সে সুরুজ ও তার বোনকে হুমকিও দেয়। ঘটনার শেষে একদিন পুলিশ এসে সুরুজকে ধরে নিয়ে যায়। সবাই ভাবে, সুরভীর বাবার চক্রান্ত। এরপর সুরুজ গলায় মালা নিয়ে ফিরে আসে। জানা যায়, গ্রামে পাঠাগার নির্মাণ ও তার সমাজকর্মের খোঁজখবর নিতে পুলিশ তাকে ডেকে নিয়েছিল। এরপর দেখা যায়, সুরুজ ও সুরভী নির্জনে আলাপ করছে আর দূরে মাইকে ঘোষণা করা হচ্ছে তাদের বিয়ের সংবাদ।

বলা যায়, কাহিনি অত্যন্ত গতানুগতিক ও নিম্নমানের, আর নির্মাণ ও উপস্থাপনার মান নিম্নতর। ছবিতে গল্পটি এমনভাবে তুলে ধরা হয়েছে, যাতে কোনো নাটকীয়তা নেই। সবচেয়ে হাস্যকর মনে হয়েছে শেষে সুরুজ ও সুরভীর বিয়ের ঘোষণার মাইকিং। অস্বাভাবিক ও অবাস্তব। চ্যানেল আইয়ে এমন একটি টেলিছবির সম্প্রচার বেমানান মনে হয়েছে।

শেষে চ্যানেল কর্তৃপক্ষের উদ্দেশে আরও দুটি কথা, চার-পাঁচ মিনিট টেলিছবি চলার পর আবার চার-পাঁচ মিনিট বিজ্ঞাপন দেখানো হয়েছে, যা দর্শকের জন্য ছিল অত্যন্ত বিরক্তিকর। বিজ্ঞাপন থেকে পরিত্রাণ যদি না-ই দেওয়া যায়, অন্তত ১০-১৫ মিনিট ছবি দেখানোর পর ১০ মিনিট বিজ্ঞাপন দেখানোও বোধ হয় ভালো ছিল। বিজ্ঞাপন প্রচারের বিকল্প নীতিমালা কী হতে পারে, আশা করি কর্তৃপক্ষ ভেবে দেখবে।