টিভির পর্দায় ঐতিহাসিক ৭ মার্চ
আজ ঐতিহাসিক সাতই মার্চ। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন। এ উপলক্ষে বিটিভিসহ দেশের সব কটি টিভি চ্যানেলে প্রচার করা হবে সেই ভাষণটি। এ ছাড়া চ্যানেলগুলো নিজেদের সংবাদসহ সুবিধামতো সময়ে প্রচার করবে বিভিন্ন তথ্যচিত্র। চ্যানেল আইয়ে সন্ধ্যায় থাকছে অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ৭ মার্চের কবি’। এতে থাকছে বঙ্গবন্ধুর ভাষণের ওপর তথ্যচিত্র। আলোচনায় অংশ নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নির্মলেন্দু গুণ ও শামসুজ্জামান খান। পরিচালনা করেছেন রাজু আলীম। এনটিভিতে বিকেলে ‘ঐতিহাসিক ৭ মার্চ অনুষ্ঠানে’ বঙ্গবন্ধুর ভাষণ বিশ্লেষণ করা হবে। উপস্থাপনা করেছেন সৈয়দ আনোয়ার হোসেন, পরিচালনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। রাতে টকশো ‘এই সময়’তে থাকছে সেই ভাষণের তাত্পর্য নিয়ে আলোচনা। রাতে ‘কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন’ দেখানো হবে দেশ টিভিতে। আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন মতিয়া চৌধুরী ও নির্মলেন্দু গুণ। পরিচালনা করেছেন মাসুদ মারফি।