টিভির সরাসরি গানের অনুষ্ঠানে আসিফ
‘আমি গত বছর ১৬ মার্চ বলেছিলাম, চলচ্চিত্র ও মঞ্চে কোনো গান করব না। এমনকি অ্যালবামের জন্যও নতুন কোনো গান করব না। এখনো তা ধরে রেখেছি। আমি ভেবে দেখলাম, শ্রোতাদের কাছ থেকে এই এক বছরে অনেক দূরে সরে গেছি। আমি এবার টিভির সরাসরি গানের অনুষ্ঠানে গান করার সিদ্ধান্ত নিয়েছি।’ বললেন আসিফ। তিনি এবার টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে গান করবেন।আসিফ আরও বললেন, ‘এবার বর্ষাকালে বিভিন্ন টিভি চ্যানেলে আমি এ ধরনের অনুষ্ঠান করব।’তিনি জানালেন, নিজের একক গানের পাশাপাশি এসব অনুষ্ঠানে থাকবে দ্বৈত কণ্ঠের গানও। বিভিন্ন সময় আসিফের সঙ্গে যাঁরা দ্বৈত কণ্ঠে গান করেছিলেন—যেমন ডলি সায়ন্তনী, কানিজ সুবর্ণা, দিনাত জাহান, হৈমন্তী রক্ষিত মান, সোনিয়া; তাঁরাও থাকবেন। বরেণ্য শিল্পীদের গানও করবেন তিনি। তাহলে এটা কি গানের জগতে আসিফের ফিরে আসার ইঙ্গিত? আসিফ বললেন, ‘মোটেই না। আমি কিন্তু টিভিতে গান করার ব্যাপারে না করিনি। ভাবলাম, আমার শ্রোতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার এটি একটি অন্যতম মাধ্যম হতে পারে। তবে বছরের শুধু আড়াই মাস আমি টিভিতে গান করব।’