টিম বার্টন তখনো ‘টিম বার্টন’ হয়ে ওঠেননি। পূর্ণদৈর্ঘ্যের খাতাও খোলেননি। শর্ট ফিল্ম বানিয়ে হাত মকশো করছেন। ক্যারিয়ারের প্রথম ব্লকবাস্টার পি-উয়িস বিগ অ্যাডভেঞ্চার-এর কাজ চলছে। সেই সময়, ১৯৮৪ সালে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি বানিয়েছিলেন— ফ্রাঙ্কেনউইনি; ত্রিশের দশকে মুক্তি পাওয়া মেরি শেলির উপন্যাস অবলম্বনে নির্মিত ফ্রাঙ্কেনস্টাইন-এর অনুপ্রেরণায়, ফ্রাঙ্কেনস্টাইনকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। অবশ্যই তাঁর নিজস্ব ধরনে। ফ্রাঙ্কেনউইনি তাই শেষ পর্যন্ত হয়ে উঠেছিল ফ্রাঙ্কেনস্টাইন-এর প্যারোডি।২৮ বছর আগে বানানো সেই ছবির কারণে ডিজনি থেকে চাকরি চলে গিয়েছিল বার্টনের। ডিজনি মনে করেছিল, বার্টন স্রেফ তাদের টাকার শ্রাদ্ধ করেছেন। বাচ্চাদের জন্য এই ছবি মুক্তি দিলে ডিজনির ব্যবসাতেই লালবাতি জ্বলে যাবে। প্রায় তিন দশক পর বার্টন রিমেক করলেন তাঁর সেই শর্ট ফিল্মটির। এবার বড় দৈর্ঘ্যে। সাদা-কালো ত্রিমাত্রিক স্টপ মোশন অ্যানিমেশন ছবি ফ্রাঙ্কেনউইনি মুক্তি পাচ্ছে আগামীকাল। বার্টনের চাকরি হজম করে ফেলা সেই ডিজনিই মুক্তি দিচ্ছে ছবিটি!ছবির গল্প ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন নামের এক কিশোর আর তার সবচেয়ে কাছের বন্ধু পোষা কুকুর স্পার্কিকে নিয়ে। গাড়ি চাপা পড়ে মারা যায় স্পার্কি। কিন্তু নিজের বন্ধুটিকে কিছুতেই হারাতে চায় না ভিক্টর। স্কুলে থাকতেই সে জেনেছে, মাংসপেশিতে বিশেষভাবে বিদ্যুৎ প্রবাহিত করা গেলে প্রাণ ফিরে আসে। বিজ্ঞানের সেই শক্তি ব্যবহার করে স্পার্কিকে ফিরিয়ে আনে ভিক্টর। কিন্তু তখনো সে জানত না, তার এই নিষ্পাপ উদ্দেশ্য কী ভয়ংকর পরিণতি ডেকে আনবে শহরে!বার্টন তাঁর কাছের বন্ধুদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। এই ছবির চিত্রনাট্য যেমন লিখেছেন জন অগাস্ট, যাঁর সঙ্গে বিগ ফিশ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, কোপস ব্রাইড-এ কাজ করেছেন। আবহসংগীত পরিচালনা করেছেন তাঁর আরেক বন্ধু ড্যানি এলফম্যান। এলফম্যান বার্টনের পরিচালনা বা প্রযোজিত প্রায় সব ছবিতেই কাজ করেছেন। ফ্রাঙ্কেনউইনিতে কেবল তাঁর একজন বন্ধুই নেই, জনি ডেপ।এই ছবিতে নিজের শৈশবটাই উঁকি মেরে দেখার চেষ্টা করেছেন কিছুদিন আগে ৫৪ পূর্ণ করা এই মার্কিন পরিচালক, ‘একসময় তো আমি নিজেও ছোট্ট একটা ছেলে ছিলাম। আমার একটা কুকুরও ছিল। বলা যায়, তার সঙ্গেই আমার প্রথম খাঁটি সম্পর্ক গড়ে ওঠে। এটা ছিল নিঃশর্ত একটা সম্পর্ক। বলতে পারেন, প্রথম ভালোবাসা। কুকুরটা একসময় ভয়ানক অসুখে পড়ল। আমাকে বলা হলো, এটা আর বেশি দিন বাঁচবে না। কিন্তু সবার আশঙ্কা ভুল প্রমাণ করে ও বেঁচে থাকল; যদিও সেটা ছিল ধুঁকে ধুঁকে বাঁচা। আমি তো তখন একেবারেই ছোট। মনে হতো, এমন কিছু একটা যদি করতে পারতাম ওর জন্য। সেখান থেকেই এই ছবির গল্পের জন্ম।’ ছবিটা ডিজনি মুক্তি দিচ্ছে; কিন্তু ডিজনির বাকি ছবির সঙ্গে এর ধরনের বিস্তর ফারাক। এমনকি বার্টনের আরেকটি অ্যানিমেটেড-লাইভ অ্যাকশন ছবি অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড-এর সঙ্গে মেলালেও চলবে না। ডার্ক কমেডি বার্টনের বরাবরের প্রিয়। ব্যাটম্যান আর ব্যাটম্যান রিটার্নস-এর নির্মাতা ডুব মারতে ভালোবাসেন ফ্যান্টাসির কল্পলোকে।ফ্রাঙ্কেনউইনি দেড় ঘণ্টার ছবি। প্রতিটা মিনিট দর্শকদের বিনোদন দেবে—এই নিশ্চয়তা বার্টন দিচ্ছেন। আরেকটি গ্যারান্টি মিলছে তাঁর কাছ থেকে। ১৯৮৪-এর ফ্রাঙ্কেনউইনির রিমেক বটে এই ছবি, এমনকি ছবির নামও অভিন্ন; তার পরও ২০১২-এর ফ্রাঙ্কেনউইনি একেবারেই নাকি আলাদা। রাজীব হাসানএলএ টাইমস ও হলিউড রিপোর্টার অবলম্বনে