টুইটার ছাড়লেন স্ট্যালোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের অভিনেত্রী মেগান ফক্সের পর এবার টুইটারকে বিদায় জানালেন ‘র্যাম্বো’খ্যাত হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালোন। মৃত্যু গুজব ছড়িয়ে পড়লে গত ৩ জানুয়ারি টুইটারে যোগ দিয়েছিলেন মেগান। কিন্তু টুইটারকে ‘অর্থহীন’ আখ্যা দিয়ে মাত্র এক সপ্তাহের মাথায় তিনি ‘মেগানফক্স৫১৬’ অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেন। এবার প্রায় একই রকম কারণ দেখিয়ে টুইটারকে বিদায় জানালেন স্ট্যালোন। তাঁর মতে, সময় নষ্ট করে নিজের ব্যক্তি জীবনের তথ্য অচেনা মানুষের মধ্যে বিলানোর কোনো মানে হয় না। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। এ প্রসঙ্গে স্ট্যালোনের ভাষ্য, ‘আমি প্রায় নিয়মিত টুইটার বার্তা চালাচালি করতাম। কিন্তু একটা সময়ে উপলব্ধি করলাম, এটা স্রেফ অন্তঃসারশূন্য একটি কাজ। সত্যিই এর কোনো মানে নেই।’ স্ট্যালোন আরও বলেন, ‘তবে প্রচার পাওয়ার জন্য টুইটার দারুণ একটি হাতিয়ার। নিজেকে বিতর্কিত করার ইচ্ছে জাগলে কিছু একটা পোস্ট করে দিলেই ইচ্ছে পূরণ হয়ে যাবে। তবে এর পরই মনে হবে, কেন নিজের সম্পর্কে হাটে হাঁড়ি ভেঙে অচেনা মানুষদের সমালোচনার সুযোগ করে দিলাম!’