টুইটারে অবসরের ঘোষণা দিলেন বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

দিন কয়েক আগে গান থেকে অবসর নিচ্ছেন বলে এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবার। এবার টুইটারে আনুষ্ঠানিকভাবে গান থেকে অবসর নেওয়ার কথা জানালেন ‘টিন সেনসেশন’খ্যাত ১৯ বছর বয়সী এ সংগীত তারকা। ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভক্তদের ‘বিলিবারস’ সম্বোধন করে এক টুইটার বার্তায় বিবার লেখেন, ‘প্রিয় বিলিবারস, গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দিচ্ছি আমি।’ এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মিরর ডটকম।

বিবার অবসরের ঘোষণা দেওয়ার পরপরই অনলাইনে রীতিমতো তোলপাড় পড়ে যায়। তাঁর অনেক ভক্তই বিস্ময়ে হতবাক হয়ে যান। এ অবস্থায় গভীর রাতে আরেকটি টুইটার বার্তায় বিবার লেখেন, ‘মিডিয়া আমাকে নিয়ে অনেক গল্পই রটায়। বানোয়াট সব খবর রটিয়ে আমার ব্যর্থতা দেখতে চায়। কিন্তু আমি কখনোই হারব না।’

ভক্তদের উদ্দেশে বিবার আরও লেখেন, ‘আমি কখনোই আপনাদের ছেড়ে যাব না। আপনারা একে অন্যকে ভালোবাসুন এবং ক্ষমার দৃষ্টিতে দেখুন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমি চিরকাল আপনাদের পাশেই আছি।’

প্রসঙ্গত, শিগগির প্রকাশিত হতে যাচ্ছে জাস্টিন বিবারের পঞ্চম অ্যালবাম ‘জার্নালস’। সম্প্রতি একটি রেডিও চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে বিবার জানিয়েছিলেন, নতুন অ্যালবামটি প্রকাশের পরপরই অবসর নেবেন তিনি।

এ প্রসঙ্গে বিবারের ভাষ্য ছিল, ‘আমার নতুন অ্যালবামটি মুক্তি পাওয়ার পর অবসরে যাচ্ছি আমি। সত্যিই আমি গান থেকে অবসর নিচ্ছি। আমি প্রকৃত শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। আমার গানকে অনেক বেশি পরিপক্ব করতে চাই। এ জন্য সব ধরনের উদ্যোগই আমি নেব। মূলত এ কারণেই গানের জগত্ থেকে দীর্ঘদিন দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত পুরোপুরি মনস্থির করতে পারিনি আমি।’

২০০৯ সালে ‘মাই ওয়ার্ল্ড’ অ্যালবাম মুক্তির পর রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান জাস্টিন বিবার। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। এরপর শুধুই সামনের দিকে পথ হেঁটেছেন এই ‘বেবি’ তারকা। স্পর্শ করেছেন জনপ্রিয়তার শীর্ষবিন্দু। ‘টিন সেনসেশন’ তকমাও বসেছে তাঁর নামের পাশে। ‘মাই ওয়ার্ল্ড’-এর পর ২০১০ সালে মুক্তি পেয়েছিল বিবারের দ্বিতীয় অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড ২.০’। পরের দুটি বছরে প্রকাশিত হয় বিবারের তৃতীয় ও চতুর্থ অ্যালবাম ‘আন্ডার দ্য মিজলটো’ (২০১১) এবং ‘বিলিভ’ (২০১২)।

সবচেয়ে বেশি অনুসারী নিয়ে ২০১০ সালের আগস্ট মাস থেকে টুইটারে রাজত্ব করে আসছিলেন লেডি গাগা। চলতি বছরের শুরুর দিকে ৩৩.৩৩ মিলিয়ন অনুসারী জুটিয়ে লেডি গাগাকে হটিয়ে তাঁর স্থান দখল করেন বিবার। তবে গত নভেম্বরে বিবারের চেয়ে বেশি অনুসারী জুটিয়ে তাঁর নয় মাসের টুইটার রাজত্বে হানা দেন মার্কিন গায়িকা কেটি পেরি। বর্তমানে বিবারের টুইটার অনুসারীর সংখ্যা প্রায় ৪৮ মিলিয়ন। এ ছাড়া ৬০ মিলিয়নেরও বেশি ফেসবুক অনুসারী রয়েছে তাঁর।