টুইটারে আমির খান
আমির খানের ভক্তদের জন্য সুখবরই বলা চলে। কারণ, এই সুপারস্টারের সঙ্গে ভক্তদের যোগাযোগটা আরও সহজ হচ্ছে। আমির সিদ্ধান্ত নিয়েছেন মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটারে যোগ দেবেন। এতে আমির ও তার ভক্তরা আরও কাছাকাছি আসতে পারবেন বলে মনে করছে অনেকেই। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন এ ক্ষেত্রে আমিরকে কিছুটা উৎসাহ দেন বলে জানা গেছে। আগামী ১ জুলাই থেকে আমির টুইটারে যোগ দিচ্ছেন। আমির খান আরও বলেন, ‘ইচ্ছা ছিল টুইটারে অংশ নেওয়ার। কিন্তু যে পরিমাণ সময় সেখানে দেওয়া দরকার তা আমার পক্ষে বের করা সম্ভব নয় বলে এত দিন অংশ নেওয়া হয়ে ওঠেনি।’ গত সপ্তাহে লন্ডনের একটি অনুষ্ঠানে সস্ত্রীক অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হয় নায়ক-প্রযোজক আমির খানের। আর সেখানেই স্নেহভাজন আমিরকে টুইটারের নানা সুযোগ-সুবিধার কথা বলেন বিগ বি অমিতাভ। আমিরও বিষয়টির সঙ্গে একমত হন। জানা গেছে, আমিরের টুইটার অ্যাকাউন্ট aamir_khan হতে পারে।