টুইটারে রাজা অমিতাভ, মন্ত্রী শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন-শাহরুখ খান
অমিতাভ বচ্চন-শাহরুখ খান

সম্প্রতি ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের টুইটার অনুসারীর সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেছে। তবে এখনো ‘শাহেনশা’ তারকা অমিতাভ বচ্চনের টুইটার রাজত্বে হানা দিতে পারেননি কিং খান। ৯০ লাখেরও বেশি অনুসারী নিয়ে বর্তমানে টুইটারে রাজত্ব করছেন ৭১ বছর বয়সী তারকা অভিনেতা অমিতাভ বচ্চন।
শাহরুখ টুইটারে যোগ দেন ২০১০ সালে। চার বছরে ৮০ লাখ অনুসারী জুটিয়ে ভালোই সাফল্য দেখালেন টুইটারে সক্রিয় এ তারকা। টুইটার অনুসারীর সংখ্যার বিবেচনায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির খান ও সালমান খান। তাঁদের দুজনেরই অনুসারীর সংখ্যা ৭০ লাখের কিছু ওপরে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
৮০ লাখ টুইটার অনুসারী পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেন, ‘জীববিজ্ঞানের ভাষায়, হূত্স্পন্দনের শব্দ আমরা শুনতে পাই। আর আমি ভক্তদের হূত্স্পন্দনের মধ্য দিয়ে শুনতে পাই সংগীতের মূর্ছনা। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে একই সত্তা। ধন্যবাদ আট মিলিয়ন।’
টুইটারে নিয়মিত নিজের ভাবনা, শুটিংয়ের খবর, ভ্রমণ-পরিকল্পনাসহ ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি অনেক কিছুই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন শাহরুখ। তিনি অনেক সময় দার্শনিক মন্তব্যও পোস্ট করেন। তবে বেশির ভাগ টুইটে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর গভীর সখ্যের বিষয়টি স্পষ্ট ফুটে ওঠে। বিশেষ করে তিন সন্তান আরিয়ান, সুহানা ও আবরামকে নিয়ে প্রায়ই শাহরুখের আবেগঘন মন্তব্য তাঁর ভক্তদের মন ছুঁয়ে যায়।

বেশ কিছুদিন ধরেই শাহরুখের ভাগ্যের চাকাটা যেন দুর্দান্ত গতিতে ঘুরছে। একের পর এক সাফল্যের পালক যুক্ত হচ্ছে তাঁর মুকুটে। সম্প্রতি আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখের মালিকানাধীন ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স। তার কিছুদিন আগেই বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা হিসেবে ঘোষণা করা হয় শাহরুখের নাম। এবার টুইটার অনুসারীর সংখ্যার ভিত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করলেন ৪৮ বছর বয়সী প্রভাবশালী এ তারকা অভিনেতা।

বর্তমানে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন শাহরুখ। গত বছর ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির ব্যাপক সাফল্যের পর আবার জুটি বেঁধেছেন শাহরুখ ও দীপিকা পাড়ুকোন। ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাচ্ছে আগামী ২৩ অক্টোবর। এ ছাড়া ‘রাইস’ ছবিতে অনিল কাপুর-তনয়া সোনম কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন শাহরুখ খান।