টুইটারে সবাইকে ছাড়িয়ে গেলেন বিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বেশি অনুসারী নিয়ে আড়াই বছর ধরে টুইটারে রাজত্ব করেছেন মার্কিন পপ গায়িকা লেডি গাগা। কিন্তু তার চেয়ে বেশি অনুসারী জুটিয়ে সম্প্রতি লেডি গাগাকে হটিয়ে শীর্ষে উঠেছে ‘টিন সেনসেশন’খ্যাত কানাডিয়ান পপ গায়ক জাস্টিন বিবারের নাম। রয়টার্সের এক খবরে বলা হয়েছে, বর্তমানে বিবারের অনুসারীর সংখ্যা তিন কোটি ৩৩ লাখেরও বেশি। মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্সকে টপকে ২০১০ সালের আগস্ট মাস থেকে টুইটারে রাজত্ব করে আসছিলেন লেডি গাগা। তিনিই প্রথম ২৫ মিলিয়ন টুইটার অনুসারীর মাইলফলক স্পর্শ করেছিলেন। বর্তমানে সে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৩২ মিলিয়নে। বাড়লে কী হবে, টুইটারে সবচেয়ে বেশি অনুসারী এখন জাস্টিন বিবারের। অবশ্য ব্যবধানটা খুব বেশি নয়। বিবারের অনুসারীর সংখ্যা ৩৩.৩৩ মিলিয়ন। টুইটার অনুসারীর সংখ্যার আধিক্যের ভিত্তিতে সম্প্রতি ১০ জনের নামের তালিকা প্রকাশ করেছে টুইটারকাউন্টার ডটকম। এই তালিকায় বিবার এবং লেডি গাগার পরের অবস্থানে আছেন কেটি পেরি। তাঁর অনুসারীর সংখ্যা ৩১.৪৯ মিলিয়ন। তালিকায় আরও ঠাঁই পেয়েছেন রিয়ান্না এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই তালিকায় বিনোদন জগতের বাইরের একমাত্র মানুষ তিনি। তাঁর অনুসারীর সংখ্যা ২৬.১৭ মিলিয়ন।তালিকায় সেরা দশের মধ্যে ঠাঁই পাওয়া বাকি নামগুলো হলো—ব্রিটনি স্পিয়ার্স, টেইলর সুইফট, ইউটিউব, শাকিরা এবং কিম কার্দাশিয়েন।