
একটি টুইটের ১৪০ অক্ষরে আজ যেখানে সব আবেগ সীমাবদ্ধ, সেখানে একটা পুরো ছবিই হয়ে গেল কবিতা নিয়ে! বলিউডের ‘১০০ কোটি ক্লাব’-এর ধারায় বিষয়টি চিন্তা করাও এক দুঃসাহস।
‘বহিরাগত’ নায়িকা ও প্রযোজক আনুশকা শর্মা সেই সাহসটিই দেখালেন। আড়াই ঘণ্টার ফিল্লোরি ছবিতে তিনি তুলে ধরলেন কবিতা, প্রেম, ইতিহাস আর ভূত!
এ পর্যন্ত দুটো ছবি প্রযোজনা করেছেন আনুশকা শর্মা। মধ্যবিত্ত পরিবারের মতোই নিজের সাধ্যে থাকা অল্পবিস্তর যতটুকুই আছে, ততটুকু দিয়ে নিয়মভাঙা ছবি বানিয়ে যাচ্ছেন তিনি। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ক্লিন স্লেট প্রডাকশন’। নিজের প্রতিষ্ঠানের ছবিগুলো দিয়ে আনুশকা প্রতিবারই প্রমাণ করে যাচ্ছেন, পরিষ্কার স্লেটই পারে নতুন করে নতুন কিছু শুরু করার সাহস জোগাতে। বিশ্বাস না হলে ২০১৫ সালের থ্রিলার ছবি এনএইচ টেন-এর পর রোমান্টিক-কমেডি ছবি ফিল্লোরির মাঝে চিন্তার ফারাকটুকু দেখুন। যেখানে করণ জোহরের ধর্ম প্রডাকশন কিংবা আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস এখনো বলিউডের সনাতন মসলা ছবির বাইরে বের হওয়ার সাহস খুব একটা দেখাতে পারে না, সেখানে নতুন কোনো প্রযোজনা প্রতিষ্ঠান আর প্রযোজকের জন্য এতটা বৈচিত্র্যের ভার সহ্য করা ধৃষ্টতাই বলা চলে!

প্রযোজনার মতো ঝুঁকিপূর্ণ কাজ না করলেও তো চলত আনুশকার। এই বাণিজ্যিক চলচ্চিত্রের বাজারে কী এমন খুঁটির জোর আছে তাঁর। এর আগে পরিবারের কোনো সদস্যই বলিউডমুখো হননি। আনুশকাই প্রথম এই স্বপ্নের রাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার যুদ্ধে নামেন একা। অনেক অডিশনের পালা পেরিয়ে পথ চলা শুরু করেন শাহরুখ খানের সঙ্গে রাব নে বানা দি জোড়ি ছবি দিয়ে। সে-ও প্রায় ৯ বছর আগের কথা। মুন্নাভাই এমবিবিএস, থ্রি ইডিয়টস ছবিগুলোতে নায়িকা হওয়ার কত চেষ্টা করেছিলেন! পারেননি। তবে নিয়মভাঙা মেয়েটি তো থেমে যাওয়ার পাত্রী নন। একটা সময় ঠিকই বলিউডে তিন প্রভাবশালী ‘খান’ শাহরুখ, সালমান, আমিরের নায়িকা হওয়ার গৌরব অর্জন করলেন। নিজেকে ‘১০০ কোটির ক্লাব’-এর জন্য উপযুক্ত বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবেও প্রমাণ করেন। তাঁর ঝুলিতে রয়েছে এ ক্লাবের পাঁচটি ছবি।
আচ্ছা, ব্যবসায়িক হিসাব-নিকাশগুলো এখন বাদ। কথা শুরু হোক ফিল্লোরি নিয়ে। ছবিটি এক ভূতকে নিয়ে তৈরি। সেই ভূত বেঁচে থাকা অবস্থায় ছদ্মনামে কবিতা লিখত। বিংশ শতকের শুরুতে একজন নারী কবির কবিতা লেখা কতটা সংগ্রামের ছিল, ছবিতে সেই চিত্রটি পরিষ্কার ফুটে উঠেছে। এই সংগ্রামের পাশাপাশি ১৯১৯ সালে ভারতের অমৃতসারে ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনাকেও প্রাসঙ্গিকভাবে জুড়ে দেওয়া হয়েছে। গণহত্যায় প্রাণ হারানো দুই হাজার মানুষের মধ্যে একজন গায়কের উপস্থিতি এবং তাঁর মৃত্যুর মধ্য দিয়ে এক নারী কবির আত্মার ৯৮ বছরের অপেক্ষা—এমন এক অভিনব গল্প হিসেবে বলিউড দর্শকদের সামনে ধরা দিয়েছে। তাই তো কোনো আইটেম গান কিংবা ‘খান’, ‘কাপুর’দের মতো তারকা ছাড়াও ছবিটি প্রশংসা কুড়াচ্ছে সব মহলে।
আদর রহমান
হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া ও স্কুপহুপ অবলম্বনেআদর রহমান