টুকরো খবর
রণবীর কাপুর

ফেসবুক-টুইটারে রণবীর কাপুরকে অনুসরণ করেন? মনোযোগ দিয়ে তাঁর লেখা-ছবি শেয়ার দেন? আপনাদের জন্য রণবীরের বাবা ঋষি কাপুর একটা তথ্য দিতে চান, ‘হ্যালো বন্ধুরা, রণবীরের বাবা বলছি। কোনো ধরনের সামাজিক মাধ্যমেই রণবীর নেই। ভুয়া অ্যাকাউন্ট থেকে সাবধান।’
অমিতাভ বচ্চন

সংলাপটা ৩৭ বছর আগের। আজও সবার কানে বাজে। ‘ডনকে ধরা মুশকিলই নয়, অসম্ভব!’ ডন মুক্তির ৩৭ বছর পূর্তিতে স্মৃতিকাতর অমিতাভ বচ্চনের টুইট, ‘ডন-এর ৩৭ বছর...। অবিশ্বাস্য!’
মাধুরী দীক্ষিত ও শ্রীদেবী

দুজনই ছিলেন তাঁদের সময়ের সেরা তারকা। দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকাই স্বাভাবিক। কিন্তু এতগুলো বছর পেরিয়েও সম্পর্কের বরফ গেলনি! সম্প্রতি এক অনুষ্ঠানে মুখোমুখি পড়ে যান মাধুরী দীক্ষিত ও শ্রীদেবী। দুজন এমন ভাব করেন, যেন কেউ কাউকে দেখেনইনি!
আল পাচিনো

আল পাচিনো নাকি গত ৫০ বছরে একবারও যাননি মুদি দোকানে। হাঁটেননি সাবওয়ে ধরে। ছেলেমেয়েকে নিয়ে বেড়াতেও যাননি। এ নিয়ে নিজের মধ্যে আক্ষেপ কাজ করে আল পাচিনোর। বললেন, ‘ছেলেমেয়েরা যখন বলে, বাবা, আমাদের সঙ্গে কেন বাইরে যাও না? তখন খুব খারাপ লাগে।’
কেট উইন্সলেট

হলিউড অভিনেত্রীদের জন্য মা হওয়াটা তাঁদের ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। কিন্তু এতে কোনো পরোয়া নেই কেট উইন্সলেটের। তিনি বলেছেন, মা হওয়ার পর তিনি সৌন্দর্য হারিয়ে ফেললেন কি না, এ নিয়ে মোটেও ভাবছেন না। মাতৃত্বের স্বর্গীয় অনুভূতির কাছে এ সবই তুচ্ছ।