টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহিয়া মাহি
মাহিয়া মাহি

এ ভার বইতে পারব তো!
দুই হাতে দুটি পদক। তিশা দুটি পদকই পেয়েছেন নাটকে অভিনয়ের জন্য। চোখে-মুখে আনন্দের বন্যা। সেই আনন্দে নিজেকে স্থির রাখতে পারছেন না! তাঁর কাছে এ যেন এক রোমাঞ্চকর অনুভূতি। মেরিল-প্রথম আলো পুরস্কারের জনপ্রিয় ও সমালোচক দুই বিভাগে পুরস্কার জিতেছেন ছোট পর্দার এই তারকা। পুরস্কার হাতে নিয়ে দর্শকসারিতে বসার পর পাশ থেকে একজন তিশাকে বললেন, ‘পুরস্কার দুটির অনেক ভার, তা-ই না?’ শুনে মুচকি হেসে তিশা বললেন, ‘অনেক! কাজের দায়বদ্ধতা আর জবাবদিহির ভার এখন আমার হাতে। এ ভার বইতে পারব তো?’
আমি কিন্তু যাইনি!
মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান তখন মাঝপথে। তখনো চিত্রনায়িকা মাহিয়া মাহির দেখা নেই। চলচ্চিত্র বিভাগে অগ্নি ২ ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয়তার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে বাকি তিন প্রতিযোগীর সঙ্গে লড়ছেন এই তারকা। এদিকে আর কিছুক্ষণের মধ্যেই এই বিভাগের পুরস্কার ঘোষণা দেওয়া হবে। ওদিকে অনুষ্ঠানের দিন মাহির বাংলাদেশে থাকা না-থাকার প্রশ্নটা আগে থেকেই ছিল। এক বান্ধবীর বিয়েতে পরিবারসহ মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল তাঁর। আয়োজকেরা বারবার মাহির অনুষ্ঠানে পৌঁছানোর খবর নিচ্ছেন। এরই মধ্যে হঠাৎ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বাইরে একটি গাড়ি থেকে নামতে দেখা যায় মাহিকে। এ যেন অন্য মাহি। দারুণ সেজেছেন! ঝটপট বললেন, ‘আমি কিন্তু যাইনি। অনুষ্ঠানে চলে এলাম। মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান রেখে আর যাব কোথায়!’ বলেই দ্রুত পায়ে ঢুকলেন হল অব ফেমে।
ওঁদের জায়গা ছেড়ে দিতে হবে
গাড়ি থেকে নামলেন শবনম ফারিয়া, বেনজির, এলভিন ও শ্রাবণ্য। রেড কার্পেটের ওপর ঘিরে ধরলেন আলোকচিত্রীরা। পেছনে আরেকটি গাড়ি। গাড়ি থেকে নামলেন শারমিন লাকি। এদিকে ওই চারজনকে নিয়ে আলোকচিত্রীদের ক্যামেরা ফ্ল্যাশ যেন আর থামছে না। ওদিকে শারমিন লাকি অপেক্ষা করছেন। পাশ থেকে তাঁকে একজন বললেন, ‘আপা, আর একটু।’ শুনে মুখে হাসির ছাপ নিয়ে শারমিন লাকি বললেন, ‘ঠিক আছে। ওঁদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে।’ বলেই জোরে হাসলেন।