টুকরো খবর
আজ বাতিঘরের ‘ঊর্ণাজাল’
আজ জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে বাতিঘরের নাটক ঊর্ণাজাল। বাকার বকুলের রচনা ও নির্দেশনায় ২০১৫ সালে নাটকটি মঞ্চে আসে। ধর্মীয় উগ্রতা, সুশিক্ষা গ্রহণ না করা এবং নিজস্ব সংস্কৃতিকে চিনতে না পারার দৃষ্টিহীনতা ঘুরেফিরে এসেছে নাটকটিতে। বাতিঘরের সদস্যরা এতে অভিনয় করেছেন।
৪৫ বছর পর প্রথম অ্যালবাম
১৯৭২ সালে গঠন করা হয়েছিল ইংরেজি গানের দল ‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’। দেশে বেশ কিছু কনসার্টে অংশ নেওয়ার পর হঠাৎ বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। ৪৫ বছর পর সম্প্রতি প্রকাশিত হয়েছে দলটির প্রথম অ্যালবাম পিস লাভারস।
গত শনিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক পুনর্মিলনীর মাধ্যমে মোড়ক খোলা হয় অ্যালবামটির। এ উপলক্ষে হাজির হয়েছিলেন দলের সদস্য ও ব্যান্ড সংগীতের প্রথিতযশা শিল্পীরা। ব্যান্ডটির মূল কণ্ঠশিল্পী দাস্তগির প্রথম আলোকে বলেন, ‘আমরা ছড়িয়ে-ছিটিয়ে গিয়েছিলাম। এই অ্যালবাম উপলক্ষে আবারও এক হতে পারলাম। আমাদের উদ্যোগের একটা রেকর্ড তৈরি হয়ে থাকল।’ অ্যালবামটি প্রকাশ করেছে জি সিরিজ।
অ্যালবামটি সিডি ছাড়া অনলাইন সংস্করণেও পাওয়া যাবে। বাংলা ও ইংরেজি মিলিয়ে ১৩টি গান রয়েছে এ অ্যালবামে।
নয়নের ‘সিলসিলা’
সম্প্রতি প্রকাশিত হয়েছে শিল্পী নয়নের অ্যালবাম সিলসিলা। সিএমভির ব্যানারে প্রকাশিত এ অ্যালবামে রয়েছে আটটি গান। এর পাঁচটি গান লিখেছেন শামসুজ্জামান তুষার ও ছয়টি গানের সুর করেছেন নাজির মাহমুদ। সিডি ছাড়াও অ্যালবামটি পাওয়া যাবে অ্যাপস ও অনলাইনে।