
সেদিন ভারতের মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে কার কার মুখে ফুটেছিল জয়ের হাসি, তা এরই মধ্যে জানা হয়ে গেছে অনেকের। তবে যাঁরা এখনো তা জানতে পারেননি, তাঁদের মন ভালো করা খবরটা আগেই দিয়ে রাখি। ৭ ফেব্রুয়ারি ৬১তম ব্রিটানিয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দেখানো হবে টিভি পর্দায়। বলিউডের সবচেয়ে পুরোনো এবং সবচেয়ে জনপ্রিয় এই পুরস্কার আয়োজনটি ছিল ১৫ জানুয়ারি। বরাবরের মতো জানুয়ারির কুয়াশা ভেদ করে যশরাজ স্টুডিওতে জমে তারার ভিড়। তাঁদের মধ্যে হয় হাসি, ঠাট্টা, কুশলবিনিময়। একে অপরের মধ্যে দেওয়া-নেওয়া হয় উষ্ণ আলিঙ্গন আর ক্যামেরায় বন্দী করে রাখার মতো কিছু দুর্লভ মুহূর্ত।

বিজয়ীদের কথা
শুরুতেই বলে দেওয়া যাক, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সন্ধ্যার বিজয়ীদের কথা। কে বলে বলিউডে এখন পাল্লা ভারী রগরগে ছবির? এ বছরের বিজয়ী ছবি আর শিল্পীদের তালিকা কিন্তু তা বলে না। বাজিরাও মাস্তানি-এর মধ্য দিয়ে কয়েক শতক আগের প্রেমকাহিনি নতুন করে পর্দায় তুলে ধরে পরিচালক সঞ্জয় লীলা বানসালি যে সাফল্য এবার পেলেন, তা রীতিমতো পিলে চমকে দিয়েছে মুক্তির অপেক্ষায় থাকা মাস্তিজাদে, কেয়া কুল হ্যায় হাম থ্রি এবং গ্রেট গ্র্যান্ড মাস্তি-এর মতো ‘অ্যাডাল্ট’ ছবির নির্মাতাদের। কারণ, সেকেলে প্রেমকে ফুটিয়ে তুলে বানসালি একাধারে বক্স অফিস এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দুটিই তো জিতে নিলেন। সেই সঙ্গে সেরা অভিনেতা হিসেবে জয় হলো ‘বাজিরাও’ রণবীর সিংয়েরও। তাঁর ‘মাস্তানি’ দীপিকাও কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের এবারের আসরের মধ্যমণি ছিলেন। তিনি জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। তবে বাজিরাওয়ের প্রেমের টানে নয়। বাবা আর মেয়ের অকৃত্রিম ভালোবাসাকে পর্দায় ফুটিয়ে তুলে পিকুর জন্য এ জয় হয়েছে তাঁর। মেয়ে ‘পিকু’ যেখানে জয়ী, বাবা ‘ভাস্কর’-ই বা কেমন করে পিছিয়ে থাকেন। পিকুর বাবা হয়ে অমিতাভ বচ্চনও ৭৩ বছর বয়সে এসে জিতে নেন সেরা অভিনেতার (জুরি) পুরস্কার। এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আসরে বাজিরাও মাস্তানি জিতেছে মোট নয়টি এবং পিকু জিতেছে ছয়টি পুরস্কার। তা ছাড়া অর্জনের দিক থেকে তালভার, তনু ওয়েডস মনু রিটার্নস, দম লাগাকে হাইসা, মাসানও এগিয়ে ছিল। তবে প্রত্যাশামতো সাফল্য পায়নি সালমানের বজরঙ্গি ভাইজান, প্রেম রতন ধন পায়ো, দীপিকা-রণবীর কাপুরের তামাশা কিংবা শাহরুখের দিলওয়ালে!
প্রেমময় সন্ধ্যা

‘প্রেম’ বলতে দুটো বিষয় বলিউডপ্রেমীদের মাথায় আসতে পারে। এক হলো আদি-অকৃত্রিম-খাঁটি মানব-মানবীর প্রেম। অন্যটি সুরজ বারজাতিয়ার ‘প্রেম’ অর্থাৎ সালমান খান। হ্যাঁ, এ দুটোতেই ভরপুর ছিল ৬১তম ব্রিটানিয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। সেরা অভিনেতা রণবীর সিং ও সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের লুকোচুরি প্রেম যেন এদিন একেবারে স্পষ্ট হয়ে ওঠে সবার সামনে। জয়ী হওয়ার আবেগকে পোষ মানাতে না পেরে দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনের সামনেই মেয়ের গালে চুমু বসিয়ে দেন রণবীর। তা ছাড়া রণবীরের বাবা জগজিৎ সিংয়ের সঙ্গে দীপিকার কুশলবিনিময়ও কিন্তু দিয়েছে শুভ ইঙ্গিত। অন্যদিকে পর্দার ‘প্রেম’ সাল্লুও কিন্তু দাপিয়ে বেরিয়েছেন এবারের পুরস্কার আসর। তাঁর চোখ ধাঁধানো পরিবেশনা আর অমিতাভ, মাধুরীর মতো তারকাদের সঙ্গে হাস্যোজ্জ্বল সময় কাটানো অনেককেই বিনোদিত করেছে।
‘দুর্ভাগা’ সালমান
নেচে, গেয়ে, হাসি, তামাশার মধ্য দিয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সালমানের আলোচনা হলেও, এ বছরও তাঁর নামের আগে ‘দুর্ভাগা’ বিশেষণটি স্থির হয়ে ছিল। ছয়বার সেরা অভিনেতার মনোনয়ন পেয়ে একবারও তিনি জিততে পারেননি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তবে সেরা অভিনেতা (নবাগত) ও সেরা পার্শ্ব অভিনেতার ফিল্মফেয়ার মূর্তি দুটি সাল্লুর ঘরে থাকায় কিছুটা সান্ত্বনা পায় তাঁর ভক্তরা। এ দুটো জয়ের কারণেই সালমান খান এখনো ‘বলিউডের লিওনার্দো ডিক্যাপ্রিও’র তকমাটি পাননি! তবে এবার বজরঙ্গি ভাইজান-এর জন্য পুরস্কার ফসকে যাওয়ায় যারপরনাই চটেছেন সাল্লু-ভক্তরা। বিভিন্ন গণমাধ্যমে খবরও এসেছে ভারতের বিভিন্ন প্রান্তে গোলমালের।

ইতিহাসকন্যা প্রিয়াঙ্কা
ছবিতে ‘মাস্তানি’ দীপিকার কাছে স্বামী ‘বাজিরাও’-কে হারিয়েছেন ‘কাশিবাঈ’ প্রিয়াঙ্কা। কিন্তু ফিল্মফেয়ার পুরস্কারে হার মানবেন প্রিয়াঙ্কা চোপড়া? না, তা তো হতে পারে না। ‘কাশিবাঈ’-এর চরিত্রে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জেতার পাশাপাশি নতুন এক ইতিহাস গড়েছেন এই মেয়ে। ফিল্মফেয়ার পুরস্কার ইতিহাসের তিনিই একমাত্র অভিনয়শিল্পী, যাঁর ঘরে পাঁচটি ভিন্ন ভিন্ন বিভাগে পুরস্কার জয়ের বিরল কৃতিত্ব। এ পর্যন্ত ‘পিসি’ জিতেছেন সেরা নবাগত অভিনেত্রী (আন্দাজ), সেরা খলচরিত্রের অভিনেতা (এইতরাজ), সেরা অভিনেত্রী—জুরি ও পপুলার (ফ্যাশন), সেরা অভিনেত্রী-জুরি (সাত খুন মাফ) আর এবার সেরা পার্শ্ব অভিনেত্রী ( বাজিরাও মাস্তানি)।

যত সব পরিবেশনা
ফিল্মফেয়ার সন্ধ্যার শুরুটাই হয় আলিয়া ভাটের ‘শানদার’ নাচ দিয়ে। তা ছাড়া শাহরুখ খান ও কৌতুকাভিনেতা কপিল শর্মার উপস্থাপনা তো ছিল সব নাচের পরিবেশনার চেয়ে বেশি বিনোদনে ভরপুর। যে মঞ্চে শাহরুখ উপস্থাপনা করেছেন, সেখানেই সালমান খানের পরিবেশনা—সে তো ছিল আরেক কাঙ্ক্ষিত বিষয়। তা ছাড়া শাহরুখ-মাধুরীর নাচ, রণবীর সিং, কৃতি শ্যানন, জ্যাকুলিন ফার্নান্দেজের পরিবেশনা তো ফিল্মফেয়ার সন্ধ্যার চাকচিক্য বাড়িয়ে দেয় আরও।
এই ছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সন্ধ্যার খণ্ডচিত্র। যে খণ্ডগুলো বাকি থেকে গেল লেখায়, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেদিন সন্ধ্যায় সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে দেখানো হবে বলিউডপ্রেমীদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত সন্ধ্যার পুরো চিত্র।
আদর রহমান
ফিল্মফেয়ার ম্যাগাজিন, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়া টাইমস ও বলিউড লাইফ অবলম্বনে