টেইলর সুইফটের ঝাঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইলর সুইফট
টেইলর সুইফট

টেইলর সুইফটের পঞ্চম অ্যালবাম ১৯৮৯ আসছে এ বছরই অক্টোবর মাসে। কিন্তু তার আগেই অ্যালবামের ‘শেক ইট অব’ গানটি বিলবোর্ডের শীর্ষ তালিকাগুলোকে ঝাঁকিয়ে চলেছে। বিলবোর্ড শীর্ষ পপ তালিকায় পঞ্চম আর বিলবোর্ড হট ১০০ গানের তালিকায় দ্বিতীয় স্থানে আছে গানটি। গানটির মিউজিক ভিডিও ১৮ আগস্ট ইউটিউবে দেওয়া হয়। এ কদিনেই মিউজিক ভিডিওটি প্রায় ১০ কোটি বার দেখা হয়েছে!

টেইলর সুইফটের শুরুটা হয়েছিল কান্ট্রি গান দিয়ে। তবে এখন তিনি পপ গান বেশি করছেন। আর এ কারণে তাঁর অনেক ভক্ত বিরক্ত। কিন্তু তাতে এই শিল্পীর গানের জনপ্রিয়তা এতটুকু কমেনি।

টেইলর অ্যালিসন সুইফটের জন্ম ১৯৮৯ সালের ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায়। তাঁর গানের শুরুটা হয়েছিল ১৪ বছর বয়সে। ২০০৩ সালে তিনি বিগ মেশিন রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ওই সময় সনি আর এটিভি মিউজিকের সর্বকনিষ্ঠ গীতিকার ছিলেন তিনি।

টেইলর সুইফট নিজের নামেই তৈরি করেন প্রথম অ্যালবাম টেইলর সুইফট। পুরোটাই ছিল কান্ট্রি গান নিয়ে। ২০০৬ সালে অ্যালবামটি তাঁকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। অ্যালবামের ‘আওয়ার সং’ গানটি হট কান্ট্রি গানের তালিকায় প্রথম স্থান দখল করে। গানটি টেইলর সুইফট নিজেই লিখেছেন ও সুর করেছেন। তাই ২০০৮ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনি ‘সেরা নতুন শিল্পী’ বিভাগে মনোনয়ন পান।

দ্বিতীয় অ্যালবাম ফিয়ারলেস বাজারে আসে ২০০৮ সালে। এই অ্যালবামের ‘লাভ স্টোরি’ ও ‘ইউ বিলং টু মি’ গানগুলো তখন দারুণ জনপ্রিয় হয়। ফিয়ারলেস ছিল ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে সর্বাধিক বিক্রীত অ্যালবাম। অ্যালবামটি গ্র্যামি অ্যাওয়ার্ডসের আটটি বিভাগে মনোনয়ন পায়। আর পুরস্কার জিতেছে চারটি বিভাগে—‘অ্যালবাম অব দ্য ইয়ার’, ‘বেস্ট কান্ট্রি অ্যালবাম’, ‘বেস্ট কান্ট্রি সং’ ও ‘বেস্ট ফিমেল কান্ট্রি ভোকাল পারফরম্যান্স’।

টেইলর সুইফটের তৃতীয় অ্যালবাম স্পিক নাউ বের হওয়ার প্রথম সপ্তাহেই ১০ লাখ কপি বিক্রি হয়। অ্যালবামের ‘মিন’ গানটি ২০১২ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডসে জিতেছে ‘বেস্ট কান্ট্রি সং’ ও ‘বেস্ট কান্ট্রি সলো পারফরম্যান্স’ পুরস্কার। চতুর্থ অ্যালবাম রেড বের হওয়ার প্রথম সপ্তাহেই বিক্রি হয় ১২ লাখ কপি। এটা ছিল ওই সময়ের একটা রেকর্ড।

টেইলর সুইফট তাঁর ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাকে গানের মধ্য দিয়ে বর্ণনা করেন। গীতিকার হিসেবে তিনি ন্যাশভিলে সংরাইটারস অ্যাসোসিয়েশন ও সং রাইটার্স হল অব ফেমের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন। এখন পর্যন্ত তাঁর অর্জনের মধ্যে আছে সাতটি গ্র্যামি পুরস্কার, ১২টি বিলবোর্ড মিউজিক পুরস্কার, ১১টি কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন পুরস্কার ও সাতটি একাডেমি অব কান্ট্রি মিউজিক পুরস্কার।

টেইলর সুইফট চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০১০ সালে ভ্যালেনটাইনস ডে চলচ্চিত্রে তাঁকে প্রথম দেখা যায়। জড়িত আছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে। শিশু শিক্ষা, দুর্যোগের সময় ত্রাণ বিতরণ, অসুস্থ শিশুদের সাহায্য করার মধ্য দিয়ে তিনি নিজের অন্য এক ভাবমূর্তি তৈরি করেছেন।

মনোয়ারুল হক

বিলবোর্ড, উইকিপিডিয়া অবলম্বনে