টেইলর ‘সুইট’!
কিছুদিনের জন্য ‘সুইফট’ নামটা পাল্টে ‘সুইট’ রেখে দিতে পারেন। সময়টা যে দারুণ মিষ্টি কাটছে টেইলর সুইফটের! কদিন আগে বিলবোর্ড-এর বর্ষসেরা নারী শিল্পী নির্বাচিত হয়েছেন। মাত্র ২১ বছরেই এই অর্জন মার্কিন সংগীত তারকাকে পুরস্কারটির ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজেতার রেকর্ডও এনে দিয়েছে। পুরো বছর তাঁর স্পিক নাউ অ্যালবাম দিয়ে মাতিয়ে রাখা, গানের সুবাস ছড়ানো সুইফট এবার হাজির হলেন তাঁর নিজস্ব সুগন্ধী ‘ওয়ান্ডারস্ট্রাক’ নিয়ে।সুইফটের জীবনে আরেক প্রাপ্তি সম্ভবত যোগ হতে চলেছে। বেশ কিছুদিন আগে মার্কিন অভিনেতা জ্যাক জিলেনহলের সঙ্গে প্রেমের ইতি টেনে দিয়েছিলেন। শোনা যাচ্ছে, আবারও প্রাণের সঙ্গে প্রাণ বাঁধতে চলেছেন দুজন। আর তাহলে ২০১১ সালটাকেই ‘সুইট’ বলবেন সুইফট।বলতেই হবে। গত বছরের শেষাশেষি বাজারে এসেছিল তাঁর তৃতীয় স্টুডিও অ্যালবাম স্পিক নাউ। বাজারে আসার সঙ্গে সঙ্গেই বিলবোর্ডের টপচার্টে জায়গা করে নেয় অ্যালবামটি। কেবল প্রথম সপ্তাহেই স্পিক নাউ বিকিয়েছে ১০ লাখেরও বেশি! শুধু যুক্তরাষ্ট্রে নয়; যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিশ্বের নানা দেশের টপচার্টেও জায়গা করে নেয়। অ্যালবামের ১৪টি গানের ১১টিই ‘বিলবোর্ড হট হানড্রেড’ চার্টে ছিল বেশ কিছুদিন। বিশ্বজুড়ে ৫৫ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে স্পিক নাউ!স্বাভাবিকভাবেই সংগীতবিষয়ক সবচেয়ে জনপ্রিয় আমেরিকান সাময়িকী বিলবোর্ড-এর বর্ষসেরা পুরস্কারে সুইফটের জয়জয়কার। এই কান্ট্রি পপশিল্পীর সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে ঘোষণা করে বিলবোর্ড সম্পাদক বলেছেন, ‘মাত্র ২১ বছর বয়সে টেইলর সংগীতের ওপর অনেক প্রভাব ফেলেছেন। বিশ্বজুড়ে উঠতি শিল্পী ও গীতিকার তো বটেই, সাধারণ তরুণীদের জন্যও রোল মডেল হয়ে উঠেছেন। আমি দেখতে চাই, সামনের বছরগুলোতে তাঁর ক্যারিয়ার আরও বিকশিত হবে।’ আগামী মাসের শুরুতে নিউইয়র্কে এক জাঁকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেবে বিলবোর্ড। এর আগেই কি সুইফটের হাতে প্রেমের পদ্ম তুলে দেবেন জিলেনহল? এই জুটির এক সূত্র তেমন পূর্বাভাসই দিয়েছে। তবে ‘দুই পৃথিবীর দুই বাসিন্দা’কে ‘এক’ হতে দিতে চায় না গুজুবে ট্যাবলয়েডগুলোই। এর আগে এই জুটিকে ‘সবচেয়ে অদ্ভুত কপোত-কপোতি’ ঘোষণা করা ট্যাবলয়েডগুলো বলেছে, আবারও যদি সুইফটের জীবনে ফিরেও আসেন জিলেনহল, প্রত্যাবর্তনের চেয়েও দ্রুততর হবে প্রস্থান!এই নিয়ে বাজারে যখন জোর গুজব, তখন নিজের সম্পর্কের ব্যাপারে পিপল সাময়িকীকে সুইফট বলেছেন, তাঁকে জড়িয়ে অনেকের সঙ্গেই অনেক গুজব রটেছে। কয়েকজনের সঙ্গে তাঁর ‘ভালো সম্পর্ক’ও ছিল। কিন্তু এর কোনোটাকেই তিনি প্রেমের মর্যাদা দিতে নারাজ। ‘আপনারা যাকে বয়ফ্রেন্ড বলেন, তেমন কেউ কখনোই আমার জীবনে ছিল না।’ বলেছেন এই সুরনন্দিনী। শারমিন আখতারগসিপগার্ল, বিলবোর্ড ও ইয়াহু অবলম্বনে