টেকো মাথার নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় খান্না
অক্ষয় খান্না

মনোজ জোশির নাম জানেন? কিংবা পঙ্কজ ত্রিপাটির? রাজেশ শর্মা, পবন মালহোত্রা কিংবা মনিশ চৌধুরী নাম শুনলেই কি তাঁদের চেহারা ভেসে ওঠে চোখের সামনে? এঁরা কিন্তু বলিউডের খুব চেনা মুখ। এক ঝলক দেখলেই হয়তো বলে উঠবেন, ‘তাঁকে তো দেখেছি কত!’ তবে নাম তাঁর অজানা। সেদিক থেকে অক্ষয় খান্নাকে সৌভাগ্যবান বলা চলে। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে বলিউডে এসে, তিনি অন্তত তাঁর নামটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তারকা হওয়ার ব্যর্থ চেষ্টা না করে, এই অভিনেতা তাঁর ‘টেকো মাথার নায়ক’ তকমাটি নিয়েই দিব্যি আছেন।

চলতি মাসেই মুক্তি পেয়েছে মম ছবিটি। পঞ্চাশোর্ধ্ব শ্রীদেবীর হৃদয় নিংড়ানো অভিনয়ে মুগ্ধ বলিউডের ভিন্নধারার ছবির দর্শকেরা। জানা কথাই যে, অল্প বাজেটের তৈরি এ ছবি বক্স অফিস তছনছ করে দেওয়া ব্যবসা করবে না। কিন্তু যে বাজারে সালমান খানের বহুল প্রত্যাশিত টিউবলাইটই ছড়াতে পারেনি আলো, সেই বাজারে বলিউডের এই হারিয়ে যাওয়া ‘মম’ শ্রীদেবী এক আচমকা চমক দেখিয়ে গেলেন। তবে কোনো ছবিই মাত্র একজন শিল্পীর ওপর ভর করে সাফল্য পায় না। বিশেষ করে, এমন ভিন্নধারার ছবিগুলো তো নয়-ই। তাই শ্রীদেবীকে কৃতিত্বের বড় ভাগটা দেওয়ার পাশাপাশি, তাঁর অভিনয়কে পাল্লা দেওয়ার জন্য এ ছবির নওয়াজুদ্দিন সিদ্দিকী, আদনান সিদ্দিকী ও নবাগত অভিনেত্রী সজল আলীকেও সাধুবাদ জানাতে হবে। সাধুবাদ জানাতে হবে আরেকজনকে, যার ‘এন্ট্রি’ মম ছবির মতো, এই প্রতিবেদনেও এল দেরি করে। তিনি হলেন অক্ষয় খান্না। মম-এ তাঁর দেখা মেলে ছবি শুরু হওয়ার ৩৩ মিনিট পর।

এ ছবিতে কারও অভিনয় নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। তবে বাজারে এখন একটা সমালোচনা ঘুরপাক খাচ্ছে মমকে ঘিরে। সেটা হলো, নির্মাতা রবি উদ্যাওয়ার ঠিকমতো ব্যবহার করতে পারেননি অক্ষয়ের মেধা। এ ছবিতে নাকি একজন মেধাবী অভিনেতার মর্মান্তিক অপচয় হয়েছে! ভারতের বিভিন্ন গণমাধ্যম এমনটাই বলছে। অবশ্য মম ছবি দেখার পর এ অভিযোগ মানতে কারোরই সময় লাগবে না বেশি।

মম ছবির পোস্টার
মম ছবির পোস্টার

ছবিতে অক্ষয় খান্নার অভিনয়ের সুযোগ কমই ছিল। এ পর্যন্ত এই বিনোদ-পুত্রের অভিনয়ের যে গ্রাফ, তা বলে তিনি অভিনয়ের বিচারে গত দুই-তিন প্রজন্মে বলিউডে আসা বেশ কয়েকজন তারকা-সন্তানের চেয়ে অনেক এগিয়ে। অন্তত অভিষেক, ববি দেওল, তুষার কাপুর, সোহা আলি খানের চেয়ে তো অনেক এগিয়ে আছেন।

বিনোদ খান্নার ছেলে হওয়ায় অভিনয়জীবনের শুরুটা তাঁর মোটেও মসৃণ ছিল না; বরং এ যাত্রা ছিল বেশ কঠিন। কিংবদন্তি রোমান্টিক হিরো বাবা বিনোদ খান্নার ছায়া থেকে বেরিয়ে আসতে তাঁর বেশ সময় লেগে যায়। তবে এর মধ্যেও ১৯৯৭ সালে বলিউডে অভিষেকের পরপর বর্ডার ছবি দিয়ে জ্বলে ওঠেন অক্ষয়। এরপর একে একে ডোলি সাজাকে রাখনা, আ আব লউট চালে, দেহেক, তাল-এর মতো ছবি দিয়ে ‘রোমান্টিক’ নায়কের তকমাতেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেন। এই ধারায় এগিয়ে গেলে কিন্তু ‘প্রেমিক পুরুষ’ হিসেবে অভিনয়জীবনটা ভালোই কাটত অক্ষয়ের। কিন্তু মনের ভেতরের অভিনেতা হওয়ার পোকাটা তাঁকে সেই এক ইমেজে বা আমেজে থাকতে দিল না। ২০০১ থেকে এ অভিনেতা নিজেকে নিয়ে শুরু করেন ভাঙচুর। প্রথমে দিল চাহতা হ্যায় (২০০১) দিয়ে তরুণদের নজর কাড়েন, এরপর হামরাজ (২০০২) দিয়ে নিজেকে যাচাই করেন খলচরিত্রে। ব্যাটে-বলে মিলে যায়। প্রেমিক অক্ষয়কে ভুলে দর্শক খল অক্ষয় নিয়ে মেতে ওঠেন।

এরপর হাঙ্গামা (২০০৩), হালচাল (২০০৪), শাদি সে পেহলে (২০০৬) ছবিগুলোয় অক্ষয় তাঁর কমেডি ভাগ্যও পরখ করে দেখেন। মোট কথা, সবটাতেই উতরে যান তিনি। অভিনেতা হিসেবে পান স্বীকৃতি। তবে তারকা হওয়ার মতো ভার কখনোই নিজ কাঁধে নিতে চাননি এ অভিনেতা। তারকা হতে হলে সর্বক্ষণ থাকতে হবে আলোচনার মধ্যমণি হয়ে। আর এটাতেই আপত্তি অক্ষয়ের। তিনি চান তাঁর অভিনয়টাই দেখুক সবাই, আর কিছু না। এ জন্যই ২০১২ সালের পর নিজেকে সব রংচঙে বলিউড আলো আর আলোচনার বাইরে নিয়ে যাওয়ার পরও তিনি ২০১৬ সালে আবার ফিরে আসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রত্যাবর্তনের কারণ জানিয়ে এ অভিনেতা বলেন, ‘অনেক সময় নিয়ে, ভেবে দেখলাম। অভিনয়টা ছাড়া আমি আসলে কিছুই পারি না। তাই আবার ফিরে এলাম শুধু অভিনয় করতে।’ অক্ষয় এবার ফিরেছেন সব কৃত্রিমতা ঝরিয়ে। মাঝে স্রোতে টিকে থাকার জন্য টাক মাথা ঢাকতে বেখাপ্পা এক পরচুলা পরে নায়ক হতে চেয়েছিলেন তিনি। তবে এবার তিনি টাক মাথা নিয়ে স্বরূপে ফিরেছেন বড়পর্দায়। বিরতির পর অক্ষয় খান্নার প্রথম ছবি ঢিসুম তেমন প্রশংসিত না হলেও, মম এবার সব বিতর্কে ইতি টেনেছে। হ্যাঁ, ছবিতে অক্ষয়ের চরিত্রের ব্যাপ্তি আর গভীরতা নিয়ে প্রশ্ন ছিল ঠিকই, তবে ছোট চরিত্র বলে তাঁর অভিনয়ে ছিল না কোনো হেঁয়ালিপনা। ২০ বছরের অভিনয়জীবনে পরিপক্ব অক্ষয়কে তাই বক্স অফিসের আয়-ব্যয়ের মানদণ্ডে মাপা যাবে না। টেকো মাথার এই নায়ক সফলতার এক বিচিত্র সংজ্ঞা দাঁড় করিয়েছেন। সেই সংজ্ঞা বোধগম্য হবে আক্রোশ, গান্ধী মাই ফাদার, রেস আর হালচালের মতো ছবিগুলোয় তাঁর চরিত্রের বৈচিত্র্য দেখলে।

আদর রহমান, ইন্ডিয়া টাইমস ও স্কুপহুপ অবলম্বনে