টেনশন আর আনন্দের সময়গুলো
১৬ মার্চ শাকিব কক্সবাজারে চলে যাবেন। যাওয়ার আগের দিন শাকিবকে বলা হলো, এবারও যথারীতি তাঁকে অনুষ্ঠানে অংশ নিতে হবে। শাকিব কিছুটা আঁতকে উঠলেন। বললেন, ‘কীভাবে করব? আমি তো কক্সবাজারে থাকব বেশ কয়েক দিন। ২৬ মার্চ থেকে টানা শুটিং। কখন কীভাবে করব?’ কিন্তু আনন্দ বাহিনী শাকিবের কোনো কথা শুনতে রাজি নয়। অগত্যা শাকিব রাজি হলেন। বললেন, ‘প্রতিদিন রাত ১১টার পর থেকে মহড়া শুরু হবে। শাকিবের সঙ্গে কারা থাকবেন? অনেক আলোচনার পর সিদ্ধান্ত হলো বিন্দু, মীম ও শখ। গান নিয়ে আলোচনা, তারপর মতৈক্যে পৌঁছালাম আমরা।’৩ এপ্রিল শাকিব রাত সাড়ে ১০টার দিকে এলেন প্রথম আলো কার্যালয়ে। বিন্দুর সঙ্গে সেদিন মহড়ায় অংশ নিলেন। পরদিন মীম, শখ ও বিন্দু একসঙ্গে মহড়ায় অংশ নেবেন, এমন সিদ্ধান্তই হলো। কিন্তু সেদিন শাকিব শুটিংয়ে আটকে গেলেন। রাত দুটো পর্যন্ত শুটিং হবে। কী আর করা! শাকিবের অনুরোধে পরদিন আবার মহড়ার তারিখ নির্ধারণ করা হলো। কিন্তু সমস্যা হলো, পরদিন নৃত্যপরিচালক তানজীলকে পাওয়া যাবে না। তাই আবার ৬ এপ্রিল থেকে মহড়ার সিদ্ধান্ত নেওয়া হলো। ৬ এপ্রিল মীম, বিন্দু, শখ ও শাকিব এলেন। রাত ১১টা থেকে চলল টানা মহড়া। মহড়া শেষে ক্লান্ত শরীর নিয়ে তাঁরা ফিরে গেলেন।মেরিল-প্রথম আলো তারকা জরিপ অনুষ্ঠানের জন্য এভাবেই বিভিন্ন মাধ্যমের শিল্পীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁরা মনে করেন, এটি আসলে তাঁদের অনুষ্ঠান। তাই তো সব টেনশন একসময় দূর হয়ে যায়। আগামীকাল চূড়ান্ত দিন। এদিন মনোনয়ন পাওয়া শিল্পীরা একদিকে থাকবেন টেনশনে, অন্যদিকে থাকবেন আনন্দে। পুরস্কার পাবেন কি পাবেন না, সেটি নিয়ে যেমন টেনশন হবে, তেমনি আবার পুরস্কারপ্রাপ্তির আনন্দ সব ক্লান্তি দূর করে দেবে। গত দুই মাসের প্রস্তুতির চূড়ান্ত রূপ দেখা যাবে।সবাই প্রস্তুত, দেখা যাক কী হয়?