টেমা, টয়ন আর টয়ন্তিকার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টয়া
টয়া

মডেল অভিনেত্রী টয়ার ভালো নাম মুমতাহিনা টয়া হলেও তাঁর আছে আরও কতগুলো নাম। বড় বোনের কাছে তিনি টেমা, বাবা-মায়ের চোখে টয়ন আর কাছের মানুষদের কাছে তিনি পরিচিত টয়ন্তিকা নামে। মজার কথা হলো, শুধু রাগ করে ডাকলেই নাকি পরিবারের সদস্যরা তাঁকে টয়া নামে সম্বোধন করে!
 মুঠোফোন কোম্পানির একটি টিভি বিজ্ঞাপনের সুবাদে বর্তমান সময়ের আলোচিত এ অভিনেত্রীর জন্মতারিখ ২৪ এপ্রিল।
 ছোটবেলা থেকেই চেহারা আর চালচলনে ছিলেন অনেকটা ছেলেদের মতো। বেশভূষা আর পোশাক-আশাকে ছেলেদের মতো থাকার কারণে অনেকেই তাঁকে ছেলে মনে করত। সবচেয়ে মজার ঘটনা হলো, তাঁর গৃহশিক্ষক টানা দুই বছর পড়ানোর পরও টয়া যে একটা মেয়ে, সেটা ধরতে পারেননি, নিয়মিতই ছেলেদের পোশাক পরা টয়া কোনো একদিন মেয়েদের একটা পোশাক পরে তাঁর কাছে পড়তে গেলে তিনি হেসে গড়িয়ে পড়েন, আর টয়ার আম্মুকে ডেকে অভিযোগ করেন, ‘আন্টি, আপনার ছেলে কি করেছে দেখেন, সে মেয়েদের পোশাক পরে চলে এসেছে, হা হা হা।’
 টমবয় টয়া শৈশবে ছিলেন অনেকটা জেদি স্বভাবের। কোনো কিছুর বায়না ধরলে সেটা আদায় করেই ছাড়তেন শেষ পর্যন্ত। সে কারণে শপিংয়ে যাওয়ার সময় তাঁকে তাঁর মা সব সময় বাড়িতে রেখে যেতেন। শপিংমলে গিয়ে কোনো কিছু পছন্দ হলেই নাকি তিনি সে জিনিসটি কিনে দেওয়ার জন্য কেঁদে ফ্লোরে গড়াগড়ি খেতেন, আর জিনিসটি কিনে দেওয়ার পর পরবর্তী দোকানে গিয়ে আগে কিনে দেওয়া জিনিসটি ফেলে অন্য আরেকটি জিনিসের জন্য তাঁর নতুন করে গড়াগড়ি। আর তাতেই বিরক্ত হয়ে মা তাঁকে শপিংয়ে নেওয়া বন্ধ করে দেন।
 লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়া জগতে নাম লেখানো এ শিল্পীর ছোটবেলার ইচ্ছা ছিল বড় হয়ে তিনি চলচ্চিত্র নায়ক রুবেল হবেন। আর রুবেল হতে পারলেই কেবল সবার সঙ্গে মারামারি করতে পারবেন।
 শিক্ষাজীবনে এক লাফে চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে পড়ার এক বিচিত্র অভিজ্ঞতা আছে টয়ার। চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় একটি দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে তিনি পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতে পারেননি। তাই পরবর্তী বছরে পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়ার পরিবর্তে সরাসরি গিয়ে ভর্তি হলেন ষষ্ঠ শ্রেণিতে।
 মাধ্যমিক পর্যায়ে একজন ভালো ছাত্রী হিসেবে সুনাম থাকলেও শিক্ষাজীবনের প্রথম ধাপে টয়া ছিলেন আগাগোড়া ফেল্টুস ছাত্রী। নার্সারি থেকে কেজি টু পর্যন্ত সব পরীক্ষায় অনেকটা সিরিয়ালি ফেল করেছেন। মেয়েকে পড়াশোনায় মনোযোগী করতে বাবা শেষ পর্যন্ত তাঁর ভিডিও গেম আর সাইকেল কিনে দেওয়ার লোভ দেখান। তাতেই কাজ হয়ে যায়। পরবর্তী পরীক্ষায় টয়া প্রথম স্থান অধিকার করেন।
 জনপ্রিয় এই শিল্পী তাঁর জীবনের প্রথম অটোগ্রাফটি পেয়েছিলেন প্রখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূরের কাছ থেকে।
 রুম্মান রশীদ ঈশিতার পরিচালনায় নাটক অদেখা মেঘের কাব্যতে অভিনয়ের মধ্যে দিয়েই এই লাক্স তারকা ছোট পর্দায় নাম লেখান।
গ্রন্থনা: আবদুল ওয়াজেদ