টেরাকোটা, রঙে চার শিল্পীর প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিল্পের শিকড়ে’ শীর্ষক প্রদর্শনীর একটি চিত্রকর্ম l ছবি: সংগৃহীত
‘শিল্পের শিকড়ে’ শীর্ষক প্রদর্শনীর একটি চিত্রকর্ম l ছবি: সংগৃহীত

জলরং, অ্যাক্রিলিক, চারকোলে প্রকৃতির অনেকটা রংই তুলে এনেছেন পাঁচ তরুণ শিল্পী। সেসবের মধ্যে আছে কিছু বিমূর্ত ছবি। রঙের খেলাই সেখানে প্রধান হয়ে উঠেছে। এ রকম ৩৮টি শিল্পকর্ম নিয়ে ২ অক্টোবর বিকেলে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে একটি প্রদর্শনী। প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘শিল্পের শিকড়ে’। এগুলোর ভেতর আছে টেরাকোটার কাজও। মাটির ওপর আঁকা ছবিতে আগুনের আঁচ। পুড়িয়ে সেগুলোকে যেন করে তোলা হয়েছে আরও খানিকটা মূর্ত। জেবুন নাহার নাইম, মিনি করিম, লায়লা শারমিন, সমিরন চৌধুরী এবং তৈয়বউজ্জামান খান প্রদর্শনীর জন্য এঁকেছেন তাঁদের শ্রেষ্ঠ ছবিগুলো।
তাঁদের চোখে প্রকৃতি, নারী-পুরুষ ও জীবনকে দেখবেন শিল্পরসিকেরা। শিল্পীরা ধ্যানে পাওয়া ভাবনাগুলো হাতের রেখায় এঁকেছেন কাগজে কিংবা খোদাই করেছেন মাটিতে। তাতে ধরা পড়েছে মানুষ, দেশ আর সমাজের কথা। সেসব কথায় শিল্পের সৌন্দর্যের পাশাপাশি আছে জীবনের বাস্তবতা। সেসব কাজ দেখলে বোঝা যাবে, শিল্পনৈপুণ্য প্রতিদিনের সাধারণ সবকিছুকেও বদলে দিতে পারে। শুধু অঙ্কন-দক্ষতাই নয়, সঙ্গে থাকতে হয় সৃজনবেদনাও। এই শিল্পের নেপথ্যে সেসব উজ্জ্বল হয়ে আছে।
লায়লা শারমিন আশ্রয় খুঁজেছেন প্রকৃতির সৌন্দর্য আর সৌহার্দ্যের ভেতর। তৈয়বউজ্জামান খান টেরাকোটায় খুঁড়েছেন জীবনের অনুভব। মিনি করিম প্রেরণা পেয়েছেন প্রকৃতিতে। সমীরণ আবেগ পেয়েছেন রঙে। জেবুন নাহার নাইমের কাজ মূলত নারী নিয়ে। তাঁর ছবিতে নারীকে তাই তিনি করেছেন শক্তির আধার।
১০ অক্টোবর পর্যন্ত সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে। দলীয় এ প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।