চিত্রকলা ও ছাপচিত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পর শিল্পের সাধনায় নিয়াজ মজুমদার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন মৃৎশিল্প। ৩০ বছর ধরে টেরাকোটার কাজ করছেন তিনি। কখনো অফিস, বাড়ির ম্যুরাল কিংবা দলগত প্রদর্শনীর জন্য দু-একটা কাজ করলেও এবারই প্রথম তিনি টেরাকোটা নিয়ে করছেন একক শিল্পকর্ম প্রদর্শনী। ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে তাঁর একক প্রদর্শনী ‘দ্য টেস্ট অব মাদার ক্লে’। গতকাল শুক্রবার বিকেলে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু হয় প্রদর্শনী। আর্ট সেন্টারের প্রথম তলার দুটি কক্ষে সাজানো হয়েছে নানা আঙ্গিকে, আকৃতিতে গড়া টেরাকোটাগুলো। শিল্পী জানালেন, প্রদর্শনীর কাজগুলো গত দুই বছরে একটু একটু করে করেছেন। কাজগুলো মূলত ভারতের কেরালা প্রদেশের জেলে সম্প্রদায়ের দুঃখ-বেদনার ছবি। সেখানে শিল্পী দীর্ঘ নয় বছর কাটিয়েছেন। ‘জেলে নারীর দুঃখগাথা’ নামের একটি সিরিজ কাজ রয়েছে। এ ছাড়া আছে ‘অনুশীলন’ ও ‘সোমপুর বিহার’ শীর্ষক সিরিজ কাজ।মৃত্তিকাসংলগ্ন এই শিল্পীর শিল্পকর্মে পাওয়া যায় মাটির ভেতরকার রূপ, গন্ধ ও বৈশিষ্ট্য। নিয়াজ মজুমদারের জন্ম ভারতের দিল্লিতে। তবে বাংলাদেশের মাটিতে এসেই উপলব্ধি করেছেন মাটির আসল রূপ। দুই বছর ধরে তিনি আছেন বাংলাদেশে। মৃৎশিল্প নিয়ে কাজ করতে ছুটেছেন ঢাকা থেকে বহুদূরের অজপাড়াগাঁয়ে। পদ্মার গা ঘেঁষা শরীয়তপুরের কার্তিকপুরের পালপাড়ায়। তিনি বলেন, ‘মাটির স্বাদ কখন কতুটুকু পেয়েছি বা আদৌ পরিপূর্ণভাবে পেয়েছি কি না, জানি না। কিন্তু মাটি নিয়ে কাজ করার সময় আমার ভেতরে দারুণ একটা অনুভূতি হয়—একটা কিছু গড়ার আনন্দ ও তৃপ্তি অনুভব করি। মাটি আমার সুখ-দুঃখ আর বেদনা বহিঃপ্রকাশের একটি মাধ্যম।’প্রদর্শনীতে সব মিলিয়ে রয়েছে ২৭টি টেরাকোটার কাজ। নয় দিনের এ প্রদর্শনী চলবে ২ মার্চ পর্যন্ত।শিল্পাঙ্গনে ‘মাস্টার্স অ্যান্ড আদার্স’বিগত কয়েক দশকে বাংলাদেশের চিত্রকলাকে বিষয়ে ও আঙ্গিকে সমৃদ্ধ করার জন্য নিরন্তর চেষ্টা করছেন নানা প্রজন্মের শিল্পীরা। তাঁদের সৃজন এ দেশের চিত্রকলার জল-হাওয়াকে শুধু সমৃদ্ধ করেনি, বাংলাদেশের চিত্রকলার গতি-প্রকৃতিরও পরিচয়বহ হয়ে উঠেছে। হয়ে উঠেছে বৃহত্তর পরিপ্রেক্ষিতে একটি দেশের চিত্রকলা প্রয়াসের ও প্রবণতার চিহ্ন। এমন ২৯ জন শিল্পীর কাজ নিয়ে ধানমন্ডির গ্যালারি শিল্পাঙ্গনে গতকাল শুরু হয়েছে দলীয় প্রদর্শনী ‘মাস্টার্স অ্যান্ড আদার্স’। প্রদর্শনীর উদ্বোধন করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান। কবি রবিউল হুসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: শিল্পী হাশেম খান, আব্দুস শাকুর, পাকিস্তানের হাইকমিশনের প্রেস কাউন্সিলর আমব্রিন জান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খায়রুল মজিদ মাহমুদ, স্থপতি রফিক আজম প্রমুখ। প্রদর্শনীতে স্থান পেয়েছে ২৯ জন শিল্পীর ৪৪টি শিল্পকর্ম। শিল্পীদের মধ্যে আছেন: কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, হাশেম খান, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম রয়েছে ‘মাস্টার্স অ্যান্ড আদার্স’ প্রদর্শনীতে। শিল্পী প্রত্যক্ষণ, অভিজ্ঞতা, রং ব্যবহার ও পরিসর-ভাবনা অবলম্বন করে কেউ তাঁর সৃজনে নবমাত্রা সঞ্চার করেছেন। কেউ আধা বিমূর্ত ও বিমূর্ততার মধ্য দিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চেয়েছেন। এই প্রয়াসের মধ্য দিয়ে এ দেশের চিত্রকলা যে কত বৈচিত্র্যময়, তা স্পষ্ট হয়ে উঠেছে। প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।