
ধরাবাঁধা নিয়ম ভেঙে শুক্রবারের দুদিন আগে, অর্থাৎ বুধবারই মুক্তি পেয়েছে বছরের প্রথম দুই আলোচিত ছবি রইস ও কাবিল। এখন চলছে দুই ছবির যুদ্ধ; বক্স অফিসে কে কার চেয়ে এগিয়ে যাবে। প্রতিদিনই কত শত কোটি আয় করল কোন ছবি—এসব প্রশ্ন নিয়েই এখন ঘুম ভাঙছে শাহরুখ ও হৃতিক-ভক্তদের। তাই আজ তাঁদের ছবির এগিয়ে যাওয়ার গল্প বলব না। আজ এ দুই ছবির মিল-অমিলগুলো নিয়ে কথা হোক—
দুই তারকার লড়াই
গত বছরই যখন ঘোষণা করা হয়, ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে মুক্তি পাবে শাহরুখ খানের রইস ও হৃতিক রোশনের কাবিল, তখন থেকে লড়াইয়ের শুরু। একই দিনে বক্স অফিসে দুই তারকার মুখোমুখি সংঘর্ষ—বলিউডের জন্য এ এক বিশাল ব্যাপার। তাই তো ছবি মুক্তির অনেক আগে থেকেই শাহরুখ আর হৃতিককে প্রায় সব আয়োজনেই ঘুরেফিরে একটা প্রশ্নের জবাবই দিতে হচ্ছিল, ‘আপনাদের (শাহরুখ ও হৃতিকের) মধ্যে কি কোনো ঝগড়া-বিবাদ লেগেছে?’

দুই নায়িকার উজ্জ্বল উপস্থিতি
রইস-এর মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানের। আর পরপর কয়েকটি রোমান্টিক ছবিতে অভিনয়ের পর আবারও অনেকটা একই ঘরানার ছবি নিয়ে আসছেন ইয়ামি গৌতম। তবে তাঁর চরিত্রের ভিন্নতা হলো, তিনি কাবিল-এ এক অন্ধ নারীর চরিত্রে অভিনয় করছেন। আর তা ছাড়া হৃতিকের সঙ্গে ইয়ামির নতুন রসায়ন তো কাবিল-এর গানগুলোর মধ্য দিয়ে বেশ প্রশংসিতই হচ্ছে। অন্যদিকে মাহিরা পর্দায় শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ হয়েও, ছবির প্রচারণার সময় নায়কের পাশে থাকতে না পারার দুঃখ নিয়ে পাকিস্তানে বসেই ছবির মুক্তির দিন গুনছেন।

আইটেম কন্যাদের জৌলুশ
রইস ও কাবিল-দুই ছবির সবচেয়ে বড় মিল হলো আইটেম গানে। এ দুই ছবির নায়িকাদের নিয়ে যতটা না আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি আলোচনা হয়েছে এর আইটেম কন্যাদের নিয়ে। রইস ছবিতে সানি লিওন ও কাবিল-এ উর্বশী রাউটেলা, দুজনকেই এ ছবির শক্ত ভিত বলে মনে করছেন সেই ছবিগুলোর নির্মাতা ও প্রযোজকেরা। তাই তো পাশে নায়িকা না থাকলে শাহরুখ তাঁর ছবির প্রচার সানিকে নিয়ে চালিয়ে যাচ্ছেন। আর হৃতিকও ইয়ামি নন, সেলফি প্রচারণায় নেমেছিলেন উর্বশীর সঙ্গে।
শক্তিমান অভিনেতারাও আছেন
রইস ছবিতে শাহরুখের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। এমনকি একটি টিভি অনুষ্ঠানে শাহরুখের সামনেই নওয়াজ স্বীকার করেছিলেন, এ ছবিতে আসলে ‘রইস’ চরিত্রে নওয়াজেরই অভিনয়ের কথা ছিল। কিন্তু তিনিই ভিন্নতার খোঁজে চরিত্র বদলে শাহরুখকে রইস-এ অভিনয়ের সুযোগ দিয়েছেন! বুঝুন অবস্থা! শক্তিমান অভিনেতা না হলে কি কেউ কিং খানের সামনে বসে এভাবে সত্য বলার স্পর্ধা করতে পারেন? অন্যদিকে হৃতিককে টেক্কা দিয়ে অভিনয় করার জন্য কাবিল ছবিতেও শক্তিশালী পার্শ্ব চরিত্রের অভিনেতা রয়েছেন। তাঁরা হলেন দুই ভাই রোনিত ও রোহিত রয়। টেলিভিশনের প্রভাবশালী অভিনেতা রোনিত রয় কাবিল-এ অভিনয় করেছেন খল চরিত্রে। আর তা দিয়েই রোনিত এরই মধ্যে সাড়া ফেলেছেন বেশ।
বিতর্ক
দুই ছবিকে ঘিরে যদি বিতর্কের হিসাব কষতে বসি, তাহলে সে হিসাবে এগিয়ে থাকবে রইস। ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতির ফলে রইস-এর নায়িকা মাহিরার ভারত ত্যাগ, কট্টরপন্থীদের শাহরুখকে দেশবিরোধীর তকমা দেওয়া, ছবি প্রচার বন্ধের হুমকি আর সবশেষ ছবির প্রচারাভিযানের সময় এক ভক্তের মৃত্যু—সব মিলিয়ে বিতর্কের মধ্যে এগিয়ে আছে রইস। আর হৃতিকের কাবিল-এর বিতর্ক শুধু শাহরুখের সঙ্গে বক্স অফিসে টক্কর দেওয়া নিয়ে। দুই ছবির মুক্তি বিতর্ক দেখে বক্সঅফিসে এর পরিণতি অগ্রিম আন্দাজ করা যায়। বাংলা নাটক ‘সংশপ্তক’–এর একটি সংলাপের মতোই বলতে হয়—টেরাম টেরাম যুদ্ধ হবে।
পরিবারও নেমেছে লড়াইয়ে
লড়াইটা যেন শুধু বক্স অফিস আয়ের নয়। এটা দুই তারকা পরিবারেরও। তাই একদিকে শাহরুখের ছোট ছেলে আবরামও যখন বাবার সঙ্গে সেলফি তুলে রইস-এর প্রচার করে, তখন আলোচনায় এগিয়ে যায় ছবিটি। আবার সাবেক স্ত্রী সুজান খান যখন হৃতিকের হয়ে প্রশংসা করে নতুন ছবির, তখন কাবিল পায় এগিয়ে যাওয়ার তাগিদ।
হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া ও বলিউড লাইফ অবলম্বনে