টেরেন্স মালিক রহস্য
স্বর্ণপামের স্বাদ পেতে চলচ্চিত্র নির্মাতামাত্রই ব্যাকুল থাকবেন—এ তো স্বাভাবিক। হলিউডি সীমানার বাইরের মহা ইজ্জতদার কান উৎসবের সেরা পুরস্কারটি জিতে নিতে কার না সাধ! ৬৪তম পর্বে স্বর্ণপাম-প্রত্যাশীদের দলে শামিল পেদ্রো আলমোদোভার, লার্স ফন ট্রিয়ার কিংবা দারদেন ভ্রাতৃদ্বয়ের মতো নামজাদা নির্মাতারা। তাঁদের টপকে স্বর্ণপাম বিজয়ী হিসেবে ঘোষিত হলো অপ্রত্যাশিত এক নাম—টেরেন্স মালিক। ভদ্রলোক যে-ই হোন, অতিথির আসন থেকে ‘মুক্তকচ্ছ’ হয়ে ছুটে আসবেন, সেটাই তো স্বাভাবিক। কিন্তু সে রকম কিছুই ঘটল না। টেরেন্স মালিক নামের কাউকে মঞ্চের দিকে আসতে দেখা গেল না। ট্রি অব লাইফ ছবির হয়ে পাম দ’র বরণ করে নিতে যিনি এলেন, তাঁর নাম বিল পোলাড। টেরেন্স মালিকের প্রযোজক। বিলই জানালেন হাঁড়ির খবর। না, গুরুতর অসুস্থ বা খুব জরুরি কাজে কোথাও আটকা পড়েননি টেরেন্স মালিক। স্বর্ণপাম নিজের হাতে তুলে নিতে তাঁর অপারগতার একটাই কারণ—‘লজ্জা’। হাসবেন না যেন। আপনার আমার কাছে বিদঘুটে ঠেকতে পারে। কিন্তু টেরেন্স মালিক নামের এই মার্কিন নির্মাতাকে যাঁরা কাছ থেকে দেখেছেন, তাঁদের কাছে এই ঘটনা তাজ্জব কিছু নয়। টেরেন্স মালিক লোকটা তবে কেমন? নিভৃতচারী মানুষ তিনি। হুমায়ূন আহমেদের ভাষায় বলা যেতে পারে, ‘গর্তজীবী’। মানুষজনের ভিড়বাট্টা থেকে পারতপক্ষে দূরে থাকতে চান। জন্ম টেক্সাসে। প্রায় ৩০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে নির্মিত ছবির সংখ্যা মোটে পাঁচ (ল্যান্টন মিলস, ব্যাডল্যান্ডস, ডেজ অব হেভেন, দ্য থিন রেড লাইন, দ্য নিউ ওয়ার্ল্ড )। দর্শনশাস্ত্রে লেখাপড়া করেছেন তিনি; হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। রোডস স্কলার হিসেবে যোগ দিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও। শেষ পর্যন্ত অবশ্য ডক্টরেট উপাধি পাওয়া হয়নি তাঁর শিক্ষকের সঙ্গে মতদ্বৈততার কারণে। শিক্ষকতা করেছেন। সত্যিকার অর্থেই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন খেতখামারে। সাংবাদিকতাও করেছেন এককালে। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে বেজায় আপত্তি টেরেন্সের। সে কারণে খুব বেশি কিছু জানার উপায় নেই তাঁর জীবন সম্পর্কে। তাঁর সঙ্গে একবার নৈশভোজে বসার বিরল সৌভাগ্য হয়েছিল গার্ডিয়ান পত্রিকার চলচ্চিত্রবিষয়ক লেখক ডেভিড থমসনের। টেরেন্স সম্পর্কে তাঁর মন্তব্য: ‘সিনেমা ছাড়া জগতের অন্য সব বিষয় নিয়েই কথা বলতে আগ্রহী ছিলেন তিনি। মনেই হচ্ছিল না একজন চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কথা বলছি।’ টেরেন্স সম্পর্কে সবচেয়ে মোক্ষম মন্তব্যটা করেছে নিউইয়র্ক টাইমস, ‘টেরেন্স মালিক সমকালীন চলচ্চিত্র দুনিয়ার এক প্রহেলিকার নাম।’ আর ডেভিড থমসনের মন্তব্য, টেরেন্স এমন একজন, যাঁর ছবি বেমালুম বদলে দিতে পারে চলচ্চিত্র সম্পর্কে আমাদের প্রচলিত ধারণা।১৯৫০ সময়কার টেক্সাসের একটি পরিবারকে ঘিরে তৈরি দ্য ট্রি অব লাইফ -এর কান বিজয় টেরেন্সের ব্যতিক্রমী চলচ্চিত্র-ভাবনার কথাই মনে করিয়ে দেয় আরেকবার। ইকবাল হোসাইন চৌধুরী, সূত্র: ওয়েবসাইট