টেলিছবি আকাশ জোড়া মেঘে তারকামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯০ মিনিটের একটি টেলিছবিতে অভিনয় করলেন দেশের জনপ্রিয় বেশ কয়েকজন তারকা। এঁরা হলেন—আলী যাকের, রাইসুল ইসলাম আসাদ, আলমগীর, সুবর্ণা মুস্তাফা, শম্পা রেজা, শহীদুজ্জামান সেলিম, আফসানা মিমি, মাহফুজ আহমেদ ও সারিকা। তারকাদের এমন সমাবেশ অবিশ্বাস্য মনে হলেও সত্য। জানা গেছে, অভিনয়শিল্পীদের কয়েক প্রজন্মকে এক করার জন্য এ ধরনের আয়োজন করা হয়। টেলিছবিটির নাম ‘আকাশ জোড়া মেঘ’। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। ১৬ জুলাই থেকে টানা কয়েক দিন ছবিটির শুটিং হচ্ছে। আকাশ জোড়া মেঘের গল্প একজন স্কুলশিক্ষক এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তাঁর সাবেক ছাত্রদের সম্পর্ক নিয়ে। পরিচালক বলেন, ‘এত তারকাশিল্পীকে একত্র করার ধারণাটা এনটিভির কর্তৃপক্ষের। তারাই আমাকে এমন একটি নাটক তৈরির কথা বলে। যাতে অভিনয়ের কয়েক প্রজন্মকে একসঙ্গে পাওয়া যায়। বিষয়টা খুব চ্যালেঞ্জিং মনে হলেও গ্রহণ করি। এরপর শুরু হয় চিত্রনাট্য তৈরির কাজ।’প্রধান চরিত্র স্কুলশিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন আলী যাকের। তিনি বলেন, ‘চিত্রনাট্যটি পড়েছি। গল্পটা ভালো লেগেছে।’আফসানা মিমি বলেন, ‘পৌষ ফাগুনের পালা নাটকের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয় যে ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো নাটকে অভিনয় করতে পারি না। তবে এ অনুরোধটি ফেলতে পারিনি। তাই কাজ করতেও রাজি হয়ে গেলাম। গল্পটিও অসাধারণ।’এনটিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় আকাশ জোড়া মেঘ দেখানো হবে।