টেলিছবি ও নাটকের নামে চলছে যথেচ্ছাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ শে শ্রাবণ নাটকের দৃশ্য
২২ শে শ্রাবণ নাটকের দৃশ্য

বৃহস্পতি থেকে শনিবার—সপ্তাহের এ তিনটি দিন সব চ্যানেলই প্রচার করে বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান। যেমন গত বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর রাত ১১টায় পাশাপাশি তিনটি চ্যানেলে শুরু হলো সরাসরি প্রচারিত গানের অনুষ্ঠান। দর্শক-শ্রোতারা সপ্তাহান্তে রাত জেগে উপভোগ করল সুরের বৈচিত্র্য।

আরটিভিতে লিজার উপস্থাপনায় অনুষ্ঠানটির নাম ছিল ‘মিউজিক সেশন’। শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন মুহিন ও নদী। দুজনই এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী। পালাক্রমে নিজেদের গান করেছেন তাঁরা। এটা ভালো লেগেছে। খুব সংক্ষেপে মন্তব্য করলে বলা যায়, মুহিনের গান নির্বাচন এবং উপস্থাপনা ছিল কিছুটা কৃত্রিম ও চটুল। সে তুলনায় নদী গভীর না হলেও ছিল বেশ অকৃত্রিম ও সাবলীল, স্রোতস্বিনী নদীর মতোই।

এশিয়ান টিভির অনুষ্ঠানটির নাম ছিল ‘এশিয়ান মিউজিক’। শিল্পী ছিলেন সালমা ও ফকির শাহাবুদ্দিন। দুজনই মূলত লোকসংগীতশিল্পী। বয়স বিবেচনা করলে দুজনকে দুই প্রজন্মেরও বলা যায়। এখানেও পালাক্রমে গান করেছেন দুজন। গানের নির্বাচন ও উপস্থাপনা ছিল সম্পূর্ণ বিপরীতধর্মী। সালমার কণ্ঠ ও উপস্থাপনায় ছিল বিনম্র আক্ষেপ। আর শাহাবুদ্দিনের পরিবেশনা ছিল আসর মাতানো ও জমকালো। তাঁর কণ্ঠে খেলা করছিল সুর আর তালের সঙ্গে শরীরের ঝাঁকুনি দর্শককে একাত্ম করে দিচ্ছিল গানের সঙ্গে।

আর শেষ অনুষ্ঠানটি ছিল মাছরাঙা টিভিতে, কৌশিক শংকর দাশের উপস্থাপনায় ‘তোমায় গান শোনাব’। শিল্পী ছিলেন অনিরুদ্ধ সেন গুপ্ত। হেমন্ত মুখোপাধ্যায়ের অন্ধভক্ত, অনুসারীও বলা যায়। আমরা অনেকেই আগে তাঁর গান শুনেছি কি না মনে করতে পারিনি। মূলত রবীন্দ্রসংগীত এবং আধুনিক গানই পরিবেশন করেছেন তিনি এবং অধিকাংশই করেছেন হেমন্তের গান। তাঁর কণ্ঠের মাধুর্য, সুরের আবেগ এবং উপস্থাপনার নান্দনিকতা, দ্যুতিময় করে রেখেছিল পুরো অনুষ্ঠান। তাঁর গান শুনে মনে হয়েছে, বাংলাদেশের গানের জগতে তাঁর আরও অনেক ওপরে আসন পাওয়ার কথা।

এবারে আসি টেলিছবি ও নাটক প্রসঙ্গে। ১৬ সেপ্টেম্বর রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হলো আব্দুল্লাহেল মাহমুদের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় এ সপ্তাহের নাটক একদিন সারা দিন। বেকার যুবক রশীদের একটি দিন যাপনের গল্পই দেখানো হয়েছে নাটকে। চাকরির সাক্ষাৎকারের আশাবাদ দিয়ে দিনের শুরু, তারপর একের পর এক বঞ্চনা ক্ষুধায় কাতরতা দিয়ে নাটকের অগ্রগতি। আর শেষে চুরি করে অন্যের খাবার খেয়ে পরিতৃপ্তি ও আশাবাদের প্রকাশ।

শত অসংগতি আর অবাস্তবতায় ভরা পুরো নাটক। স্বল্প পরিসরে সব তো বলার জায়গা হবে না, দু-একটি বলি। রশীদের মানিব্যাগে দেখানো হয়েছে ৫০ পয়সা। ৫০ পয়সা এখন দেখা যায়! অথচ মানিব্যাগটির দাম ৫০০ টাকার কম নয়। দেখানো হয়েছে, অর্থাভাবে ৩৬ ঘণ্টা না খেয়ে রশীদ মৃতপ্রায়, অথচ তার মানিব্যাগটি বিক্রি করলেও দিব্যি দুদিনের খাওয়ার পয়সা হয়ে যায়। আজকাল ভিক্ষুকের হাতেও মোবাইল থাকে, অথচ রশীদের নেই। দুলাভাইয়ের বাসায় দাওয়াত খেতে গিয়ে দেখে তারা বাসায় নেই, কখন ফিরবে তা-ও জানে না। সে একটা ফোন দিয়ে খবর নিতে পারত। সারা দিন অভুক্ত থাকার পর সন্ধ্যায় কাজের ছেলের কাছ থেকে দুই টাকা নিয়ে দুটো শিঙাড়া আনায়। দুই টাকায় দুটো শিঙাড়া তো দুই দশক আগেও পাওয়া যেত না। রশীদ এম এ পাস করে বেকার থাকতে পারে। কিন্তু টাকার অভাবে ৩৬ ঘণ্টা অভুক্ত থাকে, সে কি একটা টিউশনি করতে পারে না? এত স্থূল অসংগতি কী করে আমাদের লেখক ও নির্মাতাদের দৃষ্টি এড়িয়ে যায়!

আর অবাস্তবতার কথা কী বলব, আমাদের সমাজে বেকার ও নিম্ন শ্রমজীবীদের মেসের অবস্থা বোধ হয় বিটিভির সেট ডিজাইনার ও নির্মাতা বাস্তবেও দেখেননি, গল্প-উপন্যাসেও পড়েননি। যে মেসের সদস্য টাকার অভাবে ৩৬ ঘণ্টা খেতে পায় না, সেখানে লাগিয়ে দিয়েছেন ধবধবে ও পরিপাটি বিছানা, প্রত্যেকের আলমারি ভর্তি বই এবং জানালায় পেলমেট দেওয়া লাল টুকটুকে দামি পর্দা। বাহ্। সেই মেসের এক ফাঁকে আবার একটি তৈলচিত্রও ঝুলিয়ে দিয়েছেন। এ ছাড়া ঝকঝকে-তকতকে রান্নাঘরের বিবরণ না হয় নাই-বা দিলাম। এই হলো আমাদের বিটিভি নাটকের অবস্থা। এরপর সংলাপ, চিত্রনাট্য ও অভিনয়ের কথা আজ না হয় না-ই বললাম।

১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আসাদুজ্জামান সোহাগের রচনা ও শাহাদত শাহেদের পরিচালনায় মাছরাঙা টিভিতে প্রচারিত হলো টেলিছবি ২২ শে শ্রাবণ। ছবির গল্প শুরু হলো, শ্রাবণ নামে এক বৃদ্ধ রেলস্টেশনে হঠাৎ অচেনা এক যাত্রী মেডিকেলের ছাত্রীকে তার জীবনের গল্প শোনাতে শুরু করে। তার প্রকৃত নাম আসিফ, কী করে সে শ্রাবণ হলো, শ্রাবণ নামের এক মৃত ব্যক্তির ডায়েরি পাওয়া, তারপর তার বন্দী পাগলিনী প্রেমিকাকে উদ্ধার, সে নিজেই শ্রাবণ হয়ে তাকে বিয়ে করা ইত্যাদি ইত্যাদি।

টেলিছবির কাহিনিতে পরিচালনায় ও অভিনয়ে রয়েছে ব্যাপক অসংগতি। যুবক শ্রাবণ মিথ্যা খুনের দায়ে যাবজ্জীবন জেল খেটে বের হলো। আর যুগের পর যুগ তার প্রেমিকা মেঘলাকে বন্দী করে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হলো, অবাস্তব। তারপর শ্রাবণের আত্মার সঙ্গে আসিফের কথোপকথন, তার শ্রাবণ হয়ে যাওয়া, সৎমায়ের চক্রান্তে বন্দী ও পাগল মেঘলাকে হঠাৎ বাবার মুক্ত করা—সবই মনে হয়েছে অযৌক্তিক ও অস্বাভাবিক। শ্রাবণী, বৃদ্ধ আসিফ ও মেঘলার মেকআপও হয়েছে বেমানান। এ ছাড়া অভিনয় ও সংলাপের কথা কী বলব, টেলিছবির শুরুটা ছিল বেশ পরিচ্ছন্ন ও প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আজ যেন তা একেবারেই অনুপস্থিত।

সবচেয়ে বড় ধোঁকাবাজিটা হয়েছে ছবিটির নামকরণে। ২২ শে শ্রাবণ শুনে বেশ শিহরিত হয়েছিলাম, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস নিয়ে নির্মিত, নিশ্চয়ই অভিনব কিছু হবে। প্রথমেই স্বপ্নভঙ্গ হলো, রবীন্দ্রনাথের কোনো নামগন্ধও নেই ছবিটিতে। একটি চরিত্রের নাম শ্রাবণ, তার ২২ বছরের ঘটনার জন্য নামকরণ হয়েছে এটি। সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ও বেমানান। লেখক ও নির্মাতার বোঝা উচিত ছিল পনেরো আগস্ট, পঁচিশে বৈশাখ, বাইশে শ্রাবণ—এসব তারিখের সঙ্গে যুক্ত হয়ে আছে বিশেষ ইতিহাস এবং ইমেজ। যে কারণে এ তারিখগুলো যত্রতত্র ব্যবহার করলে তা যেমন হয় অপ্রাসঙ্গিক, তেমনি হয় অস্বাভাবিক ও অসংগত।