টেলিছবিগুলো ফিচার ছবি নাকি নাটক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিছবি লগ আউট–এ রজত
টেলিছবি লগ আউট–এ রজত

একটি কৈফিয়ত দিয়ে শুরু করব আমাদের এবারের টিভি আলোচনা। অনেক চ্যানেলেই প্রতিনিয়ত অনেক নিম্নমানের অনুষ্ঠান নির্মাণ ও প্রচার হচ্ছে, কিন্তু সেসব অনুষ্ঠান আমরা আমাদের আলোচনার আওতায় আনি না কেন? উত্তর হলো, আলোচনায় অন্তর্ভুক্ত হওয়ার জন্যও একটি মানের প্রয়োজন, যে মান ওই সব অনুষ্ঠান ও সংশ্লিষ্ট চ্যানেলের নেই। সচেতন পাঠকেরা নিশ্চয়ই খেয়াল করেছেন, আজ পর্যন্ত অনেক চ্যানেল আমাদের আলোচনার আওতায় আসতে পারেনি।

এবারে নিয়মিত আলোচনায় আসা যাক। ২৭ এপ্রিল রাত ১১টায় মাছরাঙা টিভিতে কৌশিক শংকর দাশের উপস্থাপনায় সরাসরি প্রচারিত হলো তাঁদের নিয়মিত গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’। এবারের শিল্পী ছিলেন মোহাম্মদ শোয়েব। বেশ কিছুটা বিরতির পর আমরা এ অনুষ্ঠানে মোহাম্মদ শোয়েবের কণ্ঠে একটানা অনেকগুলো গান শুনলাম। তাঁর পরিবেশিত অধিকাংশ গানই ছিল পুরোনো দিনের আধুনিক বাংলা গান। তিনি শুরু করলেন ‘সুরের আকাশে তুমি যে গো শুকতারা’ গানটি দিয়ে। তারপর একে একে ‘যদি কাগজে লেখো নাম’, ‘অলির কথা শুনে বকুল হাসে’, ‘কী আশায় বাঁধি খেলাঘর’ ইত্যাদি জনপ্রিয় গান পরিবেশন করেন। তাঁর কণ্ঠ মিষ্টি এবং সুরেলা। কিন্তু বেশ বসা বসা মনে হয়। যে কারণে মান্না দের বা হেমন্তের কণ্ঠের সেই দরাজ ভাবটি পাওয়া যায়নি। আর দু-একটি গানের সুরেও কিছুটা সমস্যা মনে হয়েছে। যেমন ‘কী আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে’ গানটিতে ‘বালুচরে’তে এবং ‘আমি এত যে তোমায় ভালোবেসেছি’ গানে ‘ভালোবেসেছি’তে মনে হয়েছে সুরে কিছুটা গোলমাল হয়েছে। তবে তাঁর উপস্থাপনার সরলতা ও বিনয় শ্রোতা-দর্শকদের একটানা দুই ঘণ্টা ধরে রেখেছিল বলা যায়।

এরপর টেলিছবির প্রসঙ্গ। ইদানীং টেলিছবি বেশ জনপ্রিয় হয়ে উঠছে এবং বিভিন্ন চ্যানেল প্রতি সপ্তাহে নিয়মিতভাবে টেলিছবি প্রচারও করছে। ২৭ এপ্রিল রাত ১০টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হলো কিঙ্কর আহসানের রচনা ও ফয়সাল রাজীবের পরিচালনায় টেলিছবি লগ আউট।

শহুরে ছেলে ময়ূখ ফেসবুকের মেকি সম্পর্ক, কৃত্রিম বন্ধুত্ব ও যান্ত্রিকতায় হাঁপিয়ে উঠে গ্রামে যায়। সঙ্গী একটি ক্যামেরা। আস্তে আস্তে গ্রামের প্রকৃতির মাঝে সে হারিয়ে যায়। প্রেমে পড়ে যায় গ্রামের সহজ-সরল মানুষগুলোর। এরপর সে লগ আউট করে প্রেমিকা নবনীকে। একে একে লগ আউট করে শহুরে জীবনের সবাইকে। বিষয়টি সমসাময়িক হলেও নতুন নয়। উপস্থাপনাও ভালো ছিল। তবে গ্রামের বাস্তবতা এখানে উপেক্ষিত হয়েছে। লগ আউটে যে গ্রাম দেখানো হয়েছে এবং ময়ূখ গ্রাম সম্পর্কে যে উপলব্ধি ও মতামত দিয়েছে, তা আজকের প্রেক্ষাপটে বাস্তব নয়। সবার অভিনয় মোটামুটি ভালোই হয়েছে। তবে অভিনেত্রী স্পর্শিয়ার কণ্ঠশীলন প্রয়োজন। তিনি যখন একটু চড়ায় কথা বলছিলেন, তখন তাঁর কণ্ঠ বিকৃত ও কর্কশ হয়ে যাচ্ছিল। এ ব্যাপারে তাঁর সতর্কতা প্রয়োজন।

২৮ এপ্রিল বেলা আড়াইটায় এনটিভিতে প্রচারিত হলো ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় টেলিছবি দূরত্ব। ছবিটিতে অনেক ঘটনা ও অনেক জটিলতা দেখানোর কারণে শেষ পর্যন্ত এটি আর টেলিছবি থাকেনি, ফিচার ছবি হয়ে গেছে। তিশাকে ভালোবেসে একটা প্রভাবশালী গ্যাংয়ের সদস্য আরফান সুপথে ফিরে আসতে চায়, কিন্তু তার পথে অনেক বাধা। আরেক দিকে শাশুড়ি মিতা চৌধুরীর কারণে রিচি ও ইরেশের সংসার ভেঙে গেছে, কিন্তু চলছে সন্তান নিয়ে টানাপোড়েন। শেষে তিশার কাছ থেকে সেই সন্তানের কিডন্যাপ হওয়া, তিশার কাছে আরফানের মুখোশ উন্মোচন হওয়া, তারপর আবার সে সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য আরফানের নানা তৎপরতা, রিচি এবং ইরেশের আবার কাছে আসা, মাকে মোকাবিলা করা, এমনি নানামুখী ঘটনার কারণে দূরত্ব টেলিছবি না হয়ে হয়েছে ফিচার ছবি।

ঠিক একই ধরনের সংশয় জেগেছে ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচারিত টেলিছবি অনুরণন-এর ক্ষেত্রেও। চন্দন চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত টেলিছবিটিকে আমার ছবি মনে হয়নি, মনে হয়েছে নাটক। কাজেই টেলিছবির চরিত্র ও বৈশিষ্ট্য এখনো দর্শকের কাছে সুস্পষ্ট নয়। যে কারণে টেলিছবিকে কখনো মনে হয় ফিচার ছবি, আবার কখনো মনে হয় নাটক। কাজেই ক্রমবর্ধমান জনপ্রিয় এ শাখাটির চরিত্র ও লক্ষণ দর্শকের কাছে বর্তমানে আরও সুস্পষ্ট হওয়া উচিত। আর এ দায়িত্বটি নিতে হবে নির্মাতা ও কলাকুশলীদেরই।