টেলিছবিতে অভিনয় করলেন চিরকুটের পিন্টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরকুট ব্যান্ডের পিন্টু
চিরকুট ব্যান্ডের পিন্টু

‘কেউ কেউ মৃত জোনাকি’ নামের একটি টেলিছবিতে অভিনয় করছেন চিরকুট ব্যান্ডের সদস্য পিন্টু ঘোষ। ইরাজ আহমেদের রচনায় টেলিছবিটি পরিচালনা করছেন শহীদুজ্জামান সেলিম। এরই মধ্যে কয়েক দিনের শুটিংয়েও অংশ নিয়েছেন পিন্টু।
অভিনয় প্রসঙ্গে পিন্টু বলেন, ‘প্রথম কোনো নাটকে অভিনয় করেছিলাম ২০০৫ সালে। গোলাম সোহরাব দোদুল পরিচালিত নাটকটির নাম ছিল ‘কৃষ্ণ গহ্বর’। একই বছর দোদুলের পরিচালনায় ‘আগন্তুক’ নামের আরেকটি নাটকেও অভিনয় করেছিলাম। অবশ্য এরপর আর কোনো টিভি নাটকে অভিনয় করা হয়নি।’ পিন্টু আরও বলেন, ‘আমার ইচ্ছে ছিল ভিন্নধর্মী গল্প কিংবা পছন্দের নির্মাতা হলে গানের পাশাপাশি নাটকে অভিনয় করার। বলতে পারেন তারই অংশ হিসেবে সাত বছর পর আবার অভিনয় করলাম।’
নাটকে তাঁর চরিত্র প্রসঙ্গে পিন্টু বলেন, ‘টেলিছবিটিতে আমাকে ভাড়াটে খুনি হিসেবে দেখানো হয়েছে। এতে গল্প বলার ধরনটা এতটাই অসাধারণ লেগেছে যে কাজটি না করে আর পারলাম না। এতদিন অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে দেখেছি। “কেউ কেউ মৃত জোনাকি”তে অভিনয় করতে গিয়ে এবার পরিচালক শহীদুজ্জামান সেলিমকেও দেখার সৌভাগ্যটা হলো। সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে।’

 চিরকুট ব্যান্ডের পিন্টু ছাড়াও ‘কেউ কেউ মৃত জোনাকি’ টেলিছবিতে আরও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, কল্যাণ ও এবারের লাক্স চ্যানেল আই সুপারস্টার সামিয়া সাঈদ।