
এ সপ্তাহে সারা দেশ মেতে ছিল খ্রিষ্টীয় পুরোনো বছরের বিদায় এবং নতুন বছরের বরণ নিয়ে। বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানমালায়ও পড়েছে তার ব্যাপক ছাপ। তেমনই একটি অনুষ্ঠানের আলোচনা দিয়ে শুরু করব আমাদের আজকের টিভি সমালোচনা।
গত ৩০ ডিসেম্বর রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হলো হানিফ সংকেতের উপস্থাপনা ও পরিচালনায় বিটিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি। এবারের অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে উত্তরবঙ্গের প্রত্যন্ত জেলা দিনাজপুরে। তাই সংগতভাবেই অনুষ্ঠানের শুরুতে তুলে ধরা হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের পরিচিতি।
এরপর ছোট ছোট বিভিন্ন কৌতুক-নকশার মধ্য দিয়ে দিনাজপুরের দর্শকদের সামনে উপস্থাপক তুলে ধরেন আমাদের চারপাশের পরিচিত ও বাস্তব ঘটনাপ্রবাহ। এর মাঝে বনভোজন, সৎ চাকুরে, অভিনয় প্রতিযোগিতা—নকশাগুলো হয়েছে খুবই গতানুগতিক। এ ছাড়া স্কুলছাত্রী জান্নাতুল বকেয়া, শিক্ষক নরেশ চন্দ্র এবং কন্যাকে নিয়ে অন্ধ ভ্যানচালক মহসীন আলীর প্রতিবেদনগুলো হয়েছে তাৎপর্যপূর্ণ। আমেরিকার রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও ইস্তাম্বুলের বসফরাস সেতু নিয়ে প্রতিবেদন দুটি হয়েছে বেশ উপভোগ্য। হানিফ সংকেতের উপস্থাপনাও আগের তুলনায় গতানুগতিক মনে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এই গতানুগতিকতা থেকে বেরিয়ে আসাটাই হবে তাঁর বড় চ্যালেঞ্জ। তবু অনুষ্ঠানে ইতিবাচক ও শিক্ষণীয় কিছু বিষয় সংযোজন করায় ‘ইত্যাদি’ এখনো দর্শকপ্রিয়তা ধরে রাখতে পেরেছে।
গত ২৯ ডিসেম্বর রাত ১০টা ১৫ মিনিটে ডিবিসি নিউজে প্রচারিত হলো নবনীতার উপস্থাপনায় সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘রাজকাহন’। বেশ কিছুদিন পর এই অনুষ্ঠানে সাক্ষাৎ পাওয়া গেল বিশিষ্ট আইনজ্ঞ রফিক-উল হকের। নবনীতার দক্ষ উপস্থাপনায় এই অনুষ্ঠানে আমরা জানতে পারলাম, রফিক-উল হক ভারতে জন্মগ্রহণ ও পড়ালেখা শেষ করে কীভাবে ওকালতি পেশা শুরু করেন, কীভাবে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তানে) আসেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনেও নানা কারণে রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অভিমত। এসবই একে একে উঠে আসে তাঁর আলাপচারিতায়। দুই নেত্রীর সমঝোতার বিষয়ে তিনি এখনো আশাবাদী। অকপট কথা বলাই তাঁর খ্যাতি ও জনপ্রিয়তার প্রধান উৎস। এ সাক্ষাৎকারেও তিনি কথা বলেছেন অকপটেই, কিন্তু তাঁর কথার ধার যেন আগের মতো মনে হয়নি। দেশ নিয়ে, রাজনীতি নিয়ে এবং দুই নেত্রীর সমঝোতা নিয়ে তাঁর আশাবাদেও মনে হয়েছে আত্মপ্রত্যয়ের বেশ অভাব।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ছিল ‘ফিরে দেখা বাংলাদেশ’। এ পর্যায়ের আলোচক ছিলেন সাংবাদিক মাহফুজ উল্লাহ, সোহরাব হাসান ও মনজুরুল আহসান বুলবুল। তিনজনই তাঁদের আলোচনায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বসে ২০১৬ সাল আমরা কীভাবে পার করলাম এবং ২০১৭ সালে আমরা কী পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি, সে বিষয়ে তাঁদের নিজ নিজ অভিমত তুলে ধরেন। পুরোনো ও নতুন বছরের পালাবদলের এ সন্ধিক্ষণে অনুষ্ঠানটি বেশ তাৎপর্যময় হয়েছে বলা যায়।
এবার আসি নাটক ও টেলিছবি প্রসঙ্গে। ৩০ ডিসেম্বর শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হলো আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় টেলিছবি ফাঁদ ফোকর।
বাশার ও শিরিন—দুই ছেলেমেয়ে নিয়ে মাস্টারের সংসার। ঘটনাক্রমে মুক্তিযুদ্ধের সময় সে মানবিক কারণে আশ্রয় দেয় এক হিন্দু ছেলে সুমনকে। এখান থেকেই শুরু হয় জটিলতা। পড়শি রাজাকার দাবা খেলার অছিলায় পাকিস্তানি সেনা অফিসারকে নিয়ে মাস্টারবাড়িতে উপস্থিত হয়। অফিসার মাস্টারের সঙ্গে তাঁর বাড়িতেই দাবা খেলে, নামাজ পড়ে আর একে একে সব তথ্য বের করে আনে। একপর্যায়ে প্রকাশ হয়ে যায় সুমন হিন্দু, সে মাস্টারের কেউ নয়। তারপর ওরা সুমন, বাশার ও শিরিনকে ধরে নিয়ে মেরে ফেলে। তারপর অফিসার আবার একদিন মাস্টারের সঙ্গে দাবা খেলতে বসে। এদিন মাস্টার নির্ভীক, সে সেনা অফিসারকে বুঝিয়ে দেয়, সেও মনেপ্রাণে একজন মুক্তিযোদ্ধা। বাইরে গুলির শব্দে সেনা অফিসার ভীত হয়ে উঠে যাওয়ার সময় মাস্টারকে গুলি করে মেরে ফেলে।
মুক্তিযুদ্ধের পটভূমিতে এমন কত ছোট ছোট ঘটনা যে ছড়িয়ে-ছিটিয়ে আছে আমাদের জীবনে এবং তা নিয়েও যে হতে পারে সার্থক সিনেমা-নাটক, কিংবা গল্প-উপন্যাস, ফাঁদ ফোকরটেলিছবিটি যেন তার উদাহরণ। চিত্রনাট্য, পরিচালনা প্রশংসনীয়। মাস্টার চরিত্রে আবুল হায়াতের অভিনয় ছিল অনবদ্য এবং অন্যান্য নবীন অভিনেতা-অভিনেত্রীর অভিনয়ও ছিল বাস্তবানুগ। শুধু শেষে সবাইকে হারানোর পরও মাস্টারের দাবা খেলার দৃশ্যটি অবাস্তব মনে হয়েছে।
একই দিন বেলা ২টা ৩৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হলো আরেকটি টেলিছবি পেন্ডুলাম। এখানে দেখানো হয়েছে অবাস্তব এবং অবিশ্বাস্য প্রেমকাহিনি। এত দিন আমরা ত্রিভুজ প্রেম শব্দটির সঙ্গেই পরিচিত ছিলাম, এ ছবিতে দেখানো হলো চতুর্ভুজ প্রেম।
এ ছাড়া ৩০ ডিসেম্বর এনটিভি ও মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হলো দুটি নাটক ক্রেসিফাইলও ভালোবাসার কাছে ফেরা। ক্রেসিফাইলনাটকে মম ও সজলের অভিনয় কৃত্রিম আর গল্প ও চিত্রনাট্য দুর্বল। পত্রিকা অফিসকে মনে হয়েছে করপোরেট অফিস। ভালোবাসার কাছে ফেরা নাটকেরও গল্প অবাস্তব। যে কারণে অভিনয়, দুঃখবোধ—কোনো কিছুই মনে হয় দর্শকের হৃদয়ে দাগ কাটতে পারেনি।
বর্তমানে বিভিন্ন টেলিভিশনের অনুষ্ঠান দেখে মনে হয়, সংবাদ, সাক্ষাৎকার, টক শো কিংবা প্রতিবেদনমূলক অনুষ্ঠানগুলো যতটা মানসম্পন্ন হয়, সৃজনশীল অনুষ্ঠানগুলোর মান তার থেকে অনেক পেছনে।