টেলিছবিতে জুটি হলেন মীর সাব্বির-মৌসুমী হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো টেলিছবিতে জুটি হয়ে অভিনয় করলেন মীর সাব্বির ও মৌসুমী হামিদ। জাকারিয়া শৌখিনের চিত্রনাট্যে সাজ্জাদ সুমন পরিচালিত টেলিছবিটির নাম ‘রাজকন্যা আলাদিন আর দৈত্য’।

মীর সাব্বিরের বিপরীতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘এবারই প্রথম সাব্বির ভাইয়ের সঙ্গে জুটি হয়ে কোনো টেলিছবিতে অভিনয় করলাম। কাজটা করার সময় আমরা সবাই খুব মজা করেছি। সাব্বির ভাই অনেক সহযোগিতা করেছেন।’ মৌসুমী বলেন, ‘টেলিছবির গল্পটি আমার অনেক ভালো লেগেছে। এতে আমি রাজকন্যা চরিত্রে অভিনয় করেছি। এর আগে এ ধরনের চরিত্রে কখনো অভিনয় করিনি।’

টেলিছবির প্রচার প্রসঙ্গে পরিচালক সাজ্জাদ সুমন জানান, আগামী ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে টেলিছবিটি। 

‘রাজকন্যা আলাদিন আর দৈত্য’ টেলিছবির আগে মীর সাব্বির ও মৌসুমী হামিদ একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। তবে ওই নাটকে মৌসুমীর বিপরীতে ছিলেন জাহিদ হাসান। মোহাম্মদ নোমান পরিচালিত নাটকটির নাম ‘ক্যাপসুল ৫০০ এমজি’। এদিকে, সম্প্রতি এনটিভিতে শুরু হয়েছে মৌসুমী হামিদ অভিনীত ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’। শিহাব শাহীনের পরিচালনায় এই নাটকে মৌসুমী হামিদের সহশিল্পী নাঈম।