টেলিছবিতে জুটি হলেন সম্রাট-মেহজাবিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই তুমি নামের একটি টেলিছবিতে সম্প্রতি জুটি হয়ে অভিনয় করলেন চিত্রনায়ক সম্রাট ও ‘লাক্স তারকা’খ্যাত অভিনয়শিল্পী মেহজাবিন।রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে নির্মিত টেলিছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন এনিথ ফারহান ও খান সোহেল। গত ৬ জানুয়ারি উত্তরার একটি শুটিং হাউজে টেলিছবিটির শুটিং শুরু হয়। সেই তুমি টেলিছবির গল্পে মুরাদ আহসান (সম্রাট) একজন চিত্রশিল্পী। মুরাদের সঙ্গে ঘটনাক্রমে এক সময় পরিচয় হয় গ্রামের স্কুলশিক্ষিকা নয়নার (মেহজাবিন) সঙ্গে। নয়নার কাছে তাঁর একটি ছবি আঁঁকার অনুমতি চান মুরাদ। কিন্তু তাতে নয়না রাজি হন না। এক সময় মুরাদ নিজের কল্পনাতেই ছবি এঁকে নয়নাকে দেখান। মুগ্ধ হন নয়না। শুরু হয় ভালো লাগার সম্পর্ক। পরে মুরাদ জানতে পারেন নয়না আর বেশি দিন বাঁচবেন না। মুরাদ প্রাণপণ চেষ্টা করেন তার আঁঁকা ছবিগুলো বিক্রি করে তাকে বাঁচানোর। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় এই টেলিছবির গল্প। সম্রাট বলেন, ‘ সেই তুমিতে আমি আমার বাবার (নায়করাজ রাজ্জাকের) যুবক বয়সের চরিত্রে অভিনয় করছি। গল্পটি সত্যিই অন্যরকম।’সেই তুমি টেলিছবিটি ছাড়াও মেহজাবিন এখন মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংক দেশ-এর নতুন বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। বললেন, এ মাসে নতুন বিজ্ঞাপনচিত্রটির শুটিং শুরু হবে। এবারও কাজ করব নিলয়, শখ, তানভীর ও আমি। মেহজাবিন বলেন, ‘রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে এর আগে আমি আরও দুটি কাজ করেছি। আগের দুটির মতো সেই তুমির অভিজ্ঞতাও অনেক ভালো। তাছাড়া এ টেলিছবিটিতে আমার চরিত্রটি সমসাময়িক কাজের চাইতে একেবারেই আলাদা।’সেই তুমি টেলিছবিতে আরও যারা অভিনয় করছেন তারা হলেন নায়করাজ রাজ্জাক, মিতা নূর, বিপাশা কবির, তানভীর প্রমুখ।