টেলিছবিতে জুটি হলেন সামিয়া-আলিফ
ধারাবাহিক নাটকের পর এই প্রথম টেলিছবিতে অভিনয় করলেন আলিফ ও সামিয়া। জুটি হিসেবে দুজনের এটাই প্রথম কাজ। ব্যাংক ডাকাতি, অপহরণ ও খুনের গল্প নিয়ে নির্মিত টেলিছবিটির নাম ‘শেষ ইঙ্গিত’। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে টেলিছবিটির শুটিং শেষ হয়েছে। নাজিম উদ্দিনের কাহিনি সংলাপ ও চিত্রনাট্যে টেলিছবিটি পরিচালনা করেছেন পার্থ সরকার।এ প্রসঙ্গে সামিয়া জানিয়েছেন, ‘আমি নিয়মিত অভিনয় করি না। উপস্থাপনা নিয়েই বেশি ব্যস্ত থাকি। আলিফের সঙ্গে জুটি হয়ে প্রথমবার অভিনয় করলাম। এমনিতে আমরা খুব ভালো বন্ধুও। তাই কাজ করতে গিয়ে নতুন কিছু মনে হয়নি। টেলিছবিতে কাজ করার সময় আলিফ অনেক সাহায্য করেছে।’আলিফ বলেন, ‘এর আগে একটি ধারাবাহিকে সামিয়ার সঙ্গে অভিনয় করলেও সেটিতে আমরা জুটি ছিলাম না। “শেষ ইঙ্গিত” ব্যাংক ডাকাতি নিয়ে নির্মিত হলেও টেলিছবিতে চমত্কার একটি প্রেমের গল্প আছে।’স্বাধীন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘শেষ ইঙ্গিত’ টেলিছবিতে আলিফ ও সামিয়া ছাড়া আরও অভিনয় করেছেন আহসান কবির, এ কে আজাদ, মুকুল সিরাজ, সালেহীন স্বপন প্রমুখ।