টেলিভিশন দেখে মুগ্ধ ৬০০০ দর্শক
‘টেলিভিশন ছবিটি আমার দারুণ ভালো লেগেছে। বাংলাদেশের চলচ্চিত্র এত দূর এগিয়েছে, ভাবতেই পারিনি। আমি মুগ্ধ হয়ে গেছি। এই মুগ্ধতা প্রকাশের ভাষা আমার নেই’ বলেই ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে জড়িয়ে ধরলেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব কিম কি দুক। প্রদর্শনী শেষে উৎসবের মঞ্চে নিজের প্রিয় পরিচালকের কাছ থেকে এমন অনুভূতি শুনে অভিভূত হন ফারুকী। তখন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছয় হাজার দর্শক দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানান ফারুকীকে। তাঁর সঙ্গে ছিলেন ছবির দুজন শিল্পী তিশা ও কাজী শাহীর হুদা। গতকাল শনিবার সন্ধ্যায় ফারুকীর টেলিভিশন ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় শেষ হলো ১৭তম পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।সমাপনী অনুষ্ঠানের আগে শুক্রবার এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ফারুকী জানিয়েছেন, টেলিভিশন পুসানে সমাপনী ছবি হিসেবে নির্বাচিত হওয়ার খবর শুনে তিনি আনন্দে অশ্রুসিক্ত হয়েছিলেন। এই সাক্ষাৎকারে ফারুকী বলেন, ‘বাইরের দুনিয়া বাংলাদেশকে সিনেমা নির্মাতা দেশ হিসেবে চেনে না। সেই দিক থেকে এটি আমার কাছে অনেক বড় পাওয়া। একই সঙ্গে বাংলাদেশের তরুণ নির্মাতাদের জন্যও এটি একটি বড় সুসংবাদ।’এএফপি ছাড়াও টেলিভিশন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হলিউড রিপোর্টার এবং এনডিটিভি ডটকমের মতো নিউজ পোর্টাল।