টেলিভিশন নিয়ে এক আড্ডার দুই ইনিংস
আগামীকাল সারা দেশে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চতুর্থ চলচ্চিত্র টেলিভিশন। ছবিটি নিয়ে নির্মাতার বয়ান এর মধ্যেই শুনে ফেলেছেন সবাই, ‘এত দিন ঘরে বসে টেলিভিশন দেখেছেন। এবার সিনেমা হলে বসে টেলিভিশন দেখবেন।’ কথার মধ্যে ফারুকীর স্বভাবসুলভ রসবোধ আছে। তবে শুক্রবার গভীর রাতে ফারুকীর অনুপস্থিতিতে তাঁর বনানীর ফ্ল্যাটে সেই হাস্যরস যেন আরও খোলতাই হলো। সিনেমা হলে গিয়ে টেলিভিশন দেখার আগে ছবিটি সম্পর্কে কথা বলতে এসে আড্ডায় হেসে কুটিকুটি হলেন এই চলচ্চিত্রের অভিনেতারা। শুটিং-ডাবিং নিয়ে দিনভর সবাই প্রচণ্ড ব্যস্ত। তাই রাতের চেয়ে ভালো সময় আর কী হতে পারে! কথা ছিল রাত ১০টায় তিন তারকা মোশাররফ করিম, তিশা ও চঞ্চল চৌধুরীর সঙ্গে টেলিভিশন নিয়ে আড্ডা হবে আমাদের। কিন্তু অন্যরা সময়মতো পৌঁছালেও ঘড়ির কাঁটা রাত ১২টা ছাড়িয়ে যাওয়ার পরও দেখা মিলল না মোশাররফের। ফলে মোশাররফসহ একই আড্ডার দ্বিতীয় ইনিংসে আবারও শোনা গেল টেলিভিশন-এর গল্প। রোববার মধ্যরাতে প্রথম আলোর স্টুডিওতে আড্ডার দ্বিতীয় পর্বে সেই হাসিমুখ ধরে রাখার কাজে দারুণ ব্যতিব্যস্ত আলোকচিত্রী কবির হোসেন। এর মধ্যেই কথা বলে চলেছেন চঞ্চল ও তিশা—টেলিভিশন-এর সোলাইমান ও কোহিনূর। চঞ্চল বললেন, ‘এই জীবনে যত ইলিশ খেয়েছি, তার বোধ হয় ৩০ ভাগই খেয়েছি এই ছবিটি করতে গিয়ে। রামগতির টাঙ্কির বাজারে শুটিং স্পটের পাশেই ছিল সমুদ্র। তাই তিন বেলা তাজা ইলিশ!’ ‘আর বড় বড় পিঠা খাওয়ার কথা বললে না?’—চঞ্চলের কথার মধ্যে ঢুকে পড়লেন তিশা।টেলিভিশন-এর শুটিং হয়েছে নোয়াখালী, চাঁদপুর, মুন্সিগঞ্জ ও ঢাকায়। এর মধ্যে নোয়াখালীতেই হয়েছে ছবির বেশি অংশের শুটিং। শুটিংয়ের গল্পে বারবার ফিরে এল বাবা চরিত্রে অভিনয় করা শাহির হুদার (রুমি) নাম। এই ছবির শুটিংয়ে তিনি খ্যাতি পেয়েছেন ‘টিস্যুম্যান’ হিসেবে। বাকিটা তিশার মুখ থেকেই শোনা যাক, ‘রুমি ভাই একটু শুচিবায়ুগ্রস্ত মানুষ—মিনিটে মিনিটে টিস্যু ব্যবহার করেন। সঙ্গে থাকে ডেটল। তাঁর ব্যাগে জামাকাপড়ের চেয়ে এসবই থাকে বেশি। মজার ব্যাপার হলো, শুটিংয়ের সময়ও হাতের ভেতর টিস্যু নিয়ে বসে থাকতেন তিনি। একবার ট্রলারে উঠতে গিয়ে পড়ে বাঁ পায়ে ব্যথা পেলেন। কিন্তু অনেক কথা বলতে বলতে ডাক্তারকে বললেন, “আমি বাঁ পায়ে ব্যথা পেলেও আজ আমার ডান পায়ে ব্যথা করছে”।’এরপর তিশা যে তুমুল হাসিতে ফেটে পড়বেন, সেটা তো জানা কথাই। আড্ডার ক্যামেরা এবার টেলিভিশন-এর মজনু চরিত্রের অভিনেতা মোশাররফ করিমের দিকে ঘুরেছে। ছবিতে সোলাইমানের সুযোগ্য সাগরেদ তিনি। সোলাইমানের হয়ে সব কাজ করে বেড়ান। মোশাররফ বললেন, ‘ছবির চূড়ান্ত শুটিংয়ের আগে মহড়ার জন্য আমরা প্রস্তুতিমূলক শুটিং করতাম। একটা দৃশ্য ছিল এমন—বাজারের মধ্যে জনতা জব্বার নামের এক চরিত্রকে উত্তম-মধ্যম দেবে। ওই চরিত্রে অভিনয় করেছেন ইমাম্লী। তো, পরিচালক সবাইকে দৃশ্য বুঝিয়ে দিয়ে বললেন, ইমাম্লীকে না মেরে এখন যেন কেবল মারের অভিনয় করা হয়। কিন্তু যখন মারার সময় এল, মানুষজন হামলে পড়ল তার ওপর। আমরা যতই বলি, এটা ডামি শুটিং। ভাই থামেন। কে শোনে কার কথা। মারতে মারতে জনতা ততক্ষণে ইমাম্লীকে প্রায় আধমরা করে ফেলেছে।’ একটু থেমে আবার বললেন, ‘টেলিভিশন নিয়ে আমাদের সবারই এমন অনেক মজার ঘটনা আছে।’ আগেই জানা গেছে, সম্পূর্ণ গ্রামের পটভূমিতে গড়ে ওঠা এই ছবিটি বাবা ও ছেলে দুই প্রজন্মের দূরত্বের গল্প। এখানে গ্রামের সারল্য ও জটিলতা দুই-ই আছে। আছে হাস্যরস আর চোখ ভিজে যাওয়ার মতো আবেগ। কিন্তু আরও কী কী গুণের কারণে দক্ষিণ এশিয়ার পুশান চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে প্রদর্শিত বাংলাদেশের এই ছবিকে ‘গুড ফিলিম’ বলেছেন বিশ্বখ্যাত নির্মাতা কিম কি-দুক? কাহিনির ভেতর এমন কোন মসলা আছে, যে এক লহমায় দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকদের বিশেষ সম্মাননা পেয়ে গেল টেলিভিশন? আমরা উত্তরগুলো আপনাদের কাছে এখনই ফাঁস করব না। বরং বলব, ‘পড়িলেই পাস, না পড়িলে ফেলের মতো সব উত্তর জানতে হলে দেখতে হবে...!’