টেলিভিশন শিল্পীদের ইনস্টিটিউট গড়ার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শপথ নিলেন টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচিত কমিটির সদস্যরা। আজ বুধবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে নতুন এ কমিটিকে শপথ করান সংগঠনটির সাবেক আহ্বায়ক নাট্যজন মামুনুর রশীদ।

শপথ পাঠের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন ডিরেক্টরস গিল্ড নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা ইনামুল হক, এস এম মহসীন, খায়রুল আলম সবুজ, নাট্যকার মেজবাহউদ্দিন সুমন, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নেহাল কোরেশী প্রমুখ।

ইনামুল হক বলেন, ‘গিল্ডের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচন নিয়ে কেউ কোনো উষ্মা প্রকাশ করেননি।’ তিনি নির্মাতাদের পেশার প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
শপথ অনুষ্ঠানের সভাপতি মামুনুর রশীদ বলেন, ‘নির্মাতাদের নিজেদের মর্যাদার বিষয়টি মাথায় রাখতে হবে। ভারতীয় সিরিয়ালের আগ্রাসন থেকে আমাদের টেলিভিশনকে মুক্ত করতে হবে।’ নতুন কমিটিসহ সব পরিচালককে নাটকের মানের দিকে বিশেষভাবে নজর দিয়ে নাটকের সোনালি সময়কে ফিরিয়ে আনতে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

মামুনুর রশীদ আরও বলেন, ‘এখনকার নাটকে বিষয়বস্তু খুঁজে পাওয়া যায় না। টিআরপিতে ১ নম্বরে থাকা এক নির্মাতার সঙ্গে কথা বলে তাঁর নাটকের বিষয়বস্তু ও মান নিয়ে আমি বিস্মিত হয়েছি।’

গাজী রাকায়েত প্রথম আলোকে বলেন, ‘সব পরিচালকের কাছে আমাদের আহ্বান থাকবে, চুক্তিনামা ছাড়া যেন কোনো শিল্পীর সঙ্গে কাজ শুরু না করেন। সংগঠনের নিয়মনীতি যেন সবাই মেনে চলেন, সেদিকেও নজর দেওয়া হবে।’ তিনি জানান, গিল্ডের প্রত্যয়নপত্র ছাড়া চ্যানেল আই কোনো নাটক নেবে না বলে জানিয়েছে। এভাবে অন্য চ্যানেলগুলোর কাছ থেকেও একই সহযোগিতা প্রত্যাশা করছি। তিনি বলেন, ‘সরকারের কাছে আমরা দাবি জানাব, যাতে টেলিভিশন আর্টিস্টদের জন্য একটি ইনস্টিটিউট করে দেওয়া হয়—যেটার মাধ্যমে শিল্পী ও পরিচালকদের একই ছাতার নিচে নিয়ে আসা হবে।’

২২ জুলাই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর নির্বাচন। এতে ৩৮৬ জন সদস্যের মধ্যে ভোট দেন ৩৫৬ জন। সভাপতি নির্বাচিত হন গাজী রাকায়েত ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক।