টেলিভিশন শুরু হয়েছিল সামরিক শাসনের সময়

বাংলাদেশে টেলিভিশনের শুরু হয়েছিল তিনটি স্লোগান নিয়ে। টেলিভিশন শিক্ষার প্রসার করবে, তথ্য সরবরাহ করবে ও বিনোদন উপহার দেবে। কিন্তু এ চমৎকার স্লোগানটি কিছু দিক থেকে অনেকটাই উপেক্ষিত ছিল। প্রথমেই যদি শিক্ষার কথা ধরি, তাহলে বলতে হবে শুরু থেকেই এ বিষয়টি টেলিভিশনে একেবারেই অবহেলিত ছিল। চীন, জাপান কিংবা যুক্তরাষ্ট্রে যেখানে শিক্ষামূলক টেলিভিশন অনুষ্ঠান আলাদা গুরুত্ব পায়, সেখানে বাংলাদেশে টেলিভিশন স্টেশন শুরুর সময় থেকেই আমরা অনেক অবহেলার সঙ্গে একে প্রচার করে আসছি। শিক্ষামূলক অনুষ্ঠানের বেলায় আমরা প্রাথমিক শিক্ষকদের দিয়ে শিক্ষা প্রদানের চেষ্টা করেছি। শিক্ষামূলক যে অনুষ্ঠান প্রচার করেছি, সেসব ছিল দুর্বল। বাংলাদেশ টেলিভিশনের শিক্ষার প্রসারের যেই ব্যর্থতা, তা আমাদেরই নিতে হবে। এবার আসা যাক তথ্যে। এটি আরেকটি দুর্বল জায়গা। এর জন্য বাংলাদেশ টেলিভিশন (প্রথম দিকে ঢাকা টেলিভিশন) দর্শকদের কাছে নেতিবাচকভাবে উপস্থাপিত হয়। টেলিভিশন শুরু হয়েছিল সামরিক শাসনের সময়। শুরু থেকেই তথ্য সরবরাহে একটা বাধ্যবাধকতার মধ্য দিয়ে যেতে হতো টেলিভিশনকে। তখন টেলিভিশনের মূল উদ্দেশ্যই ছিল সরকারের গুণগান করা। যদিও আমরা অনেক ভারী স্লোগান নিয়ে যাত্রা করেছিলাম। কিন্তু তথ্য সরবরাহের বেলায় আমরা পক্ষপাতদুষ্ট ছিলাম। একভাবে মিথ্যাচার প্রচার করতে হতো। সরকারি প্রতিষ্ঠান হয়ে তো আর সরাসরি সরকারে বিরুদ্ধে আওয়াজ তোলা যায় না। তবু এসবের মধ্য দিয়েই টেলিভিশন ও এর কর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন সময় স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠতেন। এবার বিনোদনের পালা। এদিক থেকে বাংলাদেশ টেলিভিশন দারুণভাবে সফল হয়েছে। টেলিভিশনে প্রথম দুটি বিষয় যেখানে অনেক অবহেলিত ছিল। সেখানে বিনোদনে বাংলাদেশ টেলিভিশন শুরু থেকেই স্বয়ংসম্পূর্ণ। এমনও শোনা যেত, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোয় নাটকের প্রসঙ্গ উঠলে বাংলাদেশের নাটককে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হতো।
বিনোদনের অংশে আরও একটি বিষয় উল্লেখযোগ্য, তা হলো ম্যাগাজিন অনুষ্ঠান। নাচ, গান, কবিতা—সবকিছুর এই মিশেল বাংলাদেশের দর্শকদের জন্য বিনোদিত করেছিল দারুণভাবে। বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা ও তথ্য প্রসারের দিকের ঘাটতি পূরণ করেছিল বিনোদনের অংশটি। তাই বলা যায়, বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্নের স্লোগানটি সার্থক হয়েছে একটি দিক থেকে।