টেলিভিশনে ‘চিরসবুজ’ সাবিনা-হাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েক দশক ধরে একসঙ্গে গান করেছেন সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন। দুজনের গাওয়া অসংখ্য শ্রোতাপ্রিয় গানও রয়েছে। তবে এত দিন পর্যন্ত কোনো টিভি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি এ জুটিকে। প্রথমবারের মতো তাঁদের নিয়ে তৈরি হচ্ছে একটি বিশেষ টিভি অনুষ্ঠান। নাম ‘চিরসবুজ’। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করবেন আরিফ খান। আরিফ খান বলেন, ‘অনুষ্ঠান তৈরির ক্ষেত্রে সব সময় নতুনত্ব রাখার চেষ্টা করি। সেই ভাবনা থেকেই এ প্রয়াস। এরই মধ্যে অনুষ্ঠান তৈরির বিষয়ে শিল্পীদের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। বর্তমানে হাদী ভাই (সৈয়দ আব্দুল হাদী) দেশের বাইরে রয়েছেন। তিনি ফিরে আসা মাত্রই অনুষ্ঠানটির ধারণ কাজ শুরু করব।’ তিনি আরও বলেন, ‘এতে কোনো উপস্থাপক থাকছে না। গান পরিবেশনের পাশাপাশি সংগীত জীবনের নানা বিষয় নিয়ে স্মৃতিচারণা করবেন তাঁরা। থাকবে ষাট দশক থেকে এ পর্যন্ত চলচ্চিত্রে তাঁদের কণ্ঠে জনপ্রিয় হওয়া বিভিন্ন গান এবং এগুলো সম্পর্কে বিভিন্ন তথ্যও।’অনুষ্ঠানে এককের পাশাপাশি দ্বৈত গানও করবেন সৈয়দ আব্দুুল হাদী এবং সাবিনা ইয়াসমীন। গানগুলোর মধ্যে কয়েকটি হলো ‘আঁখি মিলন’ ছবির ‘কথা বলব না বলেছি, শুনব না শুনেছি’, ‘অর্পণ’ ছবির ‘তুমি ছাড়া আমি একা’ এবং ‘সুন্দরী’ ছবির ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিল না’, ‘দূরদেশ’ ছবির ‘তুমি যে আমায় ভালোবাসো সে কথা আমার মন জানে’ প্রভৃতি।চিরসবুজ অনুষ্ঠানটি ঈদে মাছরাঙা টিভিতে প্রচারিত হবে।