টোকিও গ্রাঁ প্রি জিতল 'গ্রেইন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়োস্কোপওয়ালা ছবির প্রদর্শনী শেষে দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন পরিচালক দেব মাধেকার
বায়োস্কোপওয়ালা ছবির প্রদর্শনী শেষে দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন পরিচালক দেব মাধেকার

চলচ্চিত্র বিনোদনমাধ্যম হলেও সমাজের কাছে এই বিনোদনমাধ্যমের যে দায় রয়ে গেছে, টোকিও চলচ্চিত্র উৎসবের আয়োজকেরা শুরু থেকেই সে বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করে আসছেন। এর প্রধান কারণ সম্ভবত হচ্ছে উৎসবের সূচনালগ্ন থেকে আকিরা কুরোসাওয়া, শোহেই ইমামুরা এবং নাগিসা ওশিমার মতো জাপানি চলচ্চিত্রের সাড়া জাগানো ব্যক্তিত্বদের এর সঙ্গে সংশ্লিষ্ট থাকা—ছায়াছবিকে যারা শুধু বিনোদন হিসেবে দেখেননি। ফলে টোকিও চলচ্চিত্র উৎসব সব সময় চেষ্টা করে গেছে ছায়াছবির সেই বলিষ্ঠ ধারাটি যেন বাণিজ্যের ডামাডোলে চাপা পড়ে না যায়। সমাজ জীবনের নানা রকম টানাপোড়েনের সঙ্গে সিনেমার সম্পর্ক গড়ে তোলা জাপানি ছায়াছবির অতীতের গৌরবময় ঐতিহ্যকে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যে আজও ধরে রাখার চেষ্টা করছে, এর প্রমাণ আবারও পাওয়া গেল ৩ নভেম্বর শেষ হওয়া ৩০তম উৎসবের ফলাফল থেকে।

এবারের উৎসবের জন্য ছবি জমা পড়েছিল ৮৮টি দেশ ও ভূখণ্ড থেকে ১৫০০টির বেশি। এর মধ্য থেকে যে ১৫টি ছবি আয়োজকেরা মূল প্রতিযোগিতার জন্য বেছে নিয়েছিলেন, সেগুলোর সব কটিতে কঠিন পরিস্থিতি পার হওয়ার সংগ্রাম চালিয়ে যাওয়া মানুষের সাফল্য-ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছে। তবে সেই সংগ্রামের শেষে সুখকর বিজয়ের দেখা মানুষ সব সময় পেয়েছে, তা অবশ্য নয়। মানুষের সংগ্রামকেই বরং এসব ছবিতে দেখানো হয়েছে পরাজয় মেনে নিয়ে হাল ছেড়ে দেওয়ার চেয়ে বরং অনিশ্চিত সাগরে নৌকা ভাসানোর বলদর্পী বাসনার প্রতীক হিসেবে। মূল প্রতিযোগিতা বিভাগের বাইরে আরও দুটি প্রতিযোগিতামূলক বিভাগ—এশিয়ান ফিউচার এবং জাপানি ছবির বেলাতেও কমবেশি একই ধারার প্রতিফলন দেখা গেছে।

এবারের উৎসবে ৫০ হাজার মার্কিন ডলারের টোকিও গ্রাঁ প্রি পুরস্কার পেয়েছে জার্মানি, ফ্রান্স, সুইডেন ও কাতারের আর্থিক সহায়তায় নির্মিত তুরস্কের ছায়াছবি গ্রেইন। পরিচালক সেমি কাপলানোগ্লুর বৈজ্ঞানিক কল্পকাহিনির ছোঁয়া থাকা বাস্তবধর্মী এই ছবি হচ্ছে ভবিষ্যতের কোনো এক সময়ে খাদ্যসংকট থেকে মানবজাতিকে রক্ষা করার মহান ব্রত নিয়ে জিনগতভাবে রূপান্তর করে নেওয়া শস্যবীজের তল্লাশে থাকা এক বিজ্ঞানীর জীবনের নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে শরণার্থী সংকট থেকে শুরু করে পরিবেশ বিপর্যয়ের মতো বৈশ্বিক সমস্যার প্রাণবন্ত এক বর্ণনা। পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে উপস্থিত হয়ে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে পরিচালক বলেছেন, বহুমুখী যেসব জটিল সমস্যার মুখে আমাদের পড়তে হচ্ছে, সেগুলো সমাধান করে নিতে হলে যে প্রশ্ন নিজেদের করা দরকার তা হলো, কোথা থেকে আমরা এসেছি এবং কোথায় আমরা যাচ্ছি। ছায়াছবির শক্তি সেই সব প্রশ্ন করতে আমাদের সাহায্য করে এবং এটাই তাঁর ছবিতে তিনি তুলে ধরতে চেয়েছেন।

গ্রাঁ প্রি পুরস্কার হাতে তুরস্কের পরিচালক সেমি কাপালানোগ্লু
গ্রাঁ প্রি পুরস্কার হাতে তুরস্কের পরিচালক সেমি কাপালানোগ্লু

বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ইতালির ছবি ক্রেটার। পরিচালক সিলভিয়া লুজি এবং লুকা বেলিনোর দ্বৈত পরিচালনার এই ছবি নাপোলির এক দরিদ্র পরিবারের দারিদ্র্যের নাগপাশ থেকে বের হয়ে আসার চেষ্টার গল্প। কন্যার সংগীতপ্রতিভা কাজে লাগাতে পিতার চালানো প্রচেষ্টা এবং পিতা-কন্যার সম্পর্কের চমৎকার এক বর্ণনা। শ্রেষ্ঠ শৈল্পিক নির্দেশনার পুরস্কার পেয়েছে চীনের ছবি দ্য লুমিং স্টোর্ম।

তুরস্কের ছবি গ্রাঁ প্রি জিতে নিলেও এবারের উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার দেওয়া হয়েছে মালয়েশিয়ার পরিচালক এডমন্ড ইয়োকে মানব পাচারের ওপর নির্মিত তাঁর কাব্যিক ছবি উই দ্য ডেড-এর জন্য। মালয়েশিয়া আর থাইল্যান্ডে আশ্রয়ের খোঁজে আসা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরা কাব্যিক এই ছবি একই সঙ্গে রোহিঙ্গা সংখ্যালঘুদের বর্তমান দুরবস্থার পেছনের প্রেক্ষাপট বুঝে উঠতে দর্শকদের সাহায্য করছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে এক সংবাদ সম্মেলনে রাখা বক্তব্যে পরিচালক এডমন্ড ইয়ো বলেছেন, ইতিহাসের শিক্ষা প্রদানের উদ্দেশ্যে নয়, বরং কিছু প্রশ্ন সামনে নিয়ে আসার জন্যই এ রকম একটি কঠিন ও মর্মান্তিক বিষয়ের ওপর ছবি তিনি তৈরি করেছেন এবং তিনি আশা করছেন, রোহিঙ্গাদের দুর্দশা সম্পর্কে আরও বেশি জেনে নিতে তাঁর এই ছবি দর্শকদের অনুপ্রাণিত করবে।

উৎসব চলাকালে প্রতিবেদকের সুযোগ হয়েছিল মালয়েশিয়ার পরিচালক এডমন্ড ইয়োর মুখোমুখি হওয়ার। তাঁর কাছে আমি জানতে চেয়েছিলাম, বিশেষ কোনো ঘটনা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে এই কাহিনিচিত্র নির্মাণে তাঁকে অনুপ্রাণিত করেছে কি না। প্রশ্নের উত্তরে এডমন্ড ইয়ো বছর তিনেক আগে মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের নিগৃহীত হওয়া এবং সেই এলাকাটিতে নিহত বেশ কিছু শরণার্থীর গণকবরের সন্ধান পাওয়ার সংবাদের উল্লেখ করে বলেছেন, তখন থেকেই তিনি মিয়ানমারের এই ভাগ্যহত জনগোষ্ঠীর ওপর ছবি তৈরি করার চিন্তা করে আসছেন। ছবিটি মিয়ানমারে দেখানোর ইচ্ছা তাঁর আছে কি না, সেই প্রশ্নের উত্তরে পরিচালক বলেছেন, তিনি অবশ্যই তা চাইছেন, তবে মিয়ানমার সরকার সেই অনুমতি দেবে কি না, তা তাঁর জানা নেই।

এবারে এশিয়ান ফিউচার বিভাগে পুরস্কার পাওয়া ছবিতেও মিয়ানমারের একটি শরণার্থী পরিবারের জীবনের ওপর আলোকপাত করা হয়েছে। তবে সেই পরিবারটি হচ্ছে জাপানে আশ্রয় নেওয়া একটি বর্মি পরিবার। প্যাসেজ অব লাইফ নামের সেই ছবিতে জাপানি পরিচালক আকিও ফুজিমোতো চার সদস্যের একটি পরিবারের জীবনে অপ্রত্যাশিত কিছু প্রাপ্তির মধ্য দিয়ে সীমান্ত অতিক্রম করে যাওয়া ভালোবাসার বর্ণনা দিয়েছেন।

৩০তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের পরিবেশ বিপর্যয় নিয়ে তৈরি প্রামাণ্য ছবি এন ইনকনভেনিয়েন্ট সিকুয়েল দেখানোর মধ্যে। সমাপনী অনুষ্ঠানে আল গোর নিজেও উপস্থিত ছিলেন।

এবারের উৎসবে পুরস্কার না পেলেও দর্শক-মন জয় করতে পারা একটি ছবি ছিল তরুণ ভারতীয় পরিচালক দেব মাধেকারের বায়োস্কোপওয়ালা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প কাবুলিওয়ালার কাহিনিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তৈরি এই ছবিতে সময়ের বিবর্তনে রহমত কাবুলিওয়ালাকে দেখা যায় বায়োস্কোপওয়ালা হিসেবে আবির্ভাব হতে, কালের হিংস্র থাবা থেকে যে মুক্ত থাকতে পারেনি।